রুশ সাবমেরিন ঠেকাতে সেনা মোতায়েনের কথা জানালো যুক্তরাজ্য

যুক্তরাজ্যের জলসীমায় রুশ সাবমেরিনের তৎপরতা প্রতিহত করতে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছিল বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী জন হিলি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা জানান। 

তিনি বলেন, চলতি বছরের শুরুর দিকে প্রায় এক মাস ধরে ব্রিটিশ জলসীমায় অবস্থান করা রুশ সাবমেরিনগুলোকে নজরদারি ও প্রতিরোধ করা হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, ব্রিটিশ সশস্ত্র বাহিনী এবং তাদের মিত্র দেশগুলোর সহায়তায়, বিশেষ করে নরওয়ের সঙ্গে সমন্বয় করে রুশ সাবমেরিনগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করে। তিনি এসব তৎপরতাকে ‘ক্ষতিকর কার্যক্রম’ হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট রুশ সাবমেরিনগুলো ইতোমধ্যে ব্রিটিশ জলসীমা ত্যাগ করে উত্তর দিকে সরে গেছে। তবে পানির নিচে থাকা গুরুত্বপূর্ণ কেবল ও পাইপলাইনে কোনো ক্ষয়ক্ষতির প্রমাণ পাওয়া যায়নি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ করে জন হিলি বলেন, আমরা আপনাদের দেখছি। আমাদের কেবল ও পাইপলাইনের ওপর আপনাদের তৎপরতা আমরা নজরে রাখছি। এগুলোর ক্ষতি করার যে-কোনো চেষ্টা সহ্য করা হবে না এবং এর পরিণতি গুরুতর হবে।

তিনি আরও বলেন, আমাদের সশস্ত্র বাহিনী তাদের স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে যে তারা নজরদারির আওতায় রয়েছে, তাদের চলাচল গোপন ছিল না, এবং তাদের পরিকল্পিত গোপন অভিযান উন্মোচিত হয়েছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, অভিযানে রাশিয়ার একটি আকুলা শ্রেণির অ্যাটাক সাবমেরিন এবং মস্কোর মেইন ডিরেক্টরেট ফর ডিপ সি রিসার্চ (GUGI)-এর দুটি বিশেষায়িত সাবমেরিন অংশ নিয়েছিল।

সূত্র: রয়টার্স