বগুড়া–৬ উপনির্বাচন

৭ কেন্দ্রের ফলাফলে ২ হাজার ৯৫০ ভোটে এগিয়ে বিএনপি

বগুড়া–৬ আসনের উপনির্বাচনের সাতটি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে বিএনপির প্রার্থী মো. রেজাউল করিম বাদশা ২ হাজার ৯৫০ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ৮৬টি কেন্দ্রের মধ্যে সাতটি কেন্দ্রের ভোটের হিসাব পাওয়া গেছে। এতে রেজাউল করিম ৪ হাজার ৭০৪ ভোট পেয়েছেন, আর জামায়াতে ইসলামী প্রার্থী মো. আবিদুর রহমান ১ হাজার ৭৫৪ ভোট পেয়েছেন।

উপনির্বাচন সকাল সাড়ে সাতটায় শুরু হয়ে বিকেল সাড়ে চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলেছে। বগুড়ার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আছিয়া খাতুন জানিয়েছেন, নির্বাচনে ৪৩ শতাংশ ভোট পড়েছে।

তবে জামায়াতে ইসলামী প্রার্থী আবিদুর রহমান ভোটের দিন নানা অনিয়মের অভিযোগ করেছেন। তিনি বলেন, মালতিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনার আগে এজেন্টদের কাছ থেকে স্বাক্ষর নেওয়া হয়েছে এবং শহরের সিটি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তারা আগেভাগেই ব্যালট পেপারে স্বাক্ষর করেছেন। তিনি এই অভিযোগ নির্বাচন কমিশনে লিখিতভাবে জানিয়েছেন।

উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া–৬ আসনে বিজয়ী হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি আসনটি ছেড়ে দেন।