রাজধানীর মোহাম্মদপুর এলাকার জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে র্যাব-২ এর অধিনায়ক খালিদুল হক হাওলাদার-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
র্যাব জানায়, কয়েকটি দলে বিভক্ত হয়ে জেনেভা ক্যাম্পে ব্লক রেইড পরিচালনা করা হয়। তবে অভিযানের খবর পেয়ে অনেক মাদক কারবারি আগেই পালিয়ে যায়।
অভিযান চলাকালে বিভিন্ন স্পট থেকে একটি দেশীয় শুটার গান, ৭টি সামুরাইসহ গাঁজা, ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়।
র্যাব-২ এর অধিনায়ক জানান, এসব অস্ত্র মূলত মাদক ব্যবসায়ীদের আধিপত্য বিস্তার ও দ্বন্দ্বে ব্যবহৃত হয়ে আসছিল। তিনি বলেন, জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ী, অপরাধী চক্র ও কিশোর গ্যাং নির্মূলে র্যাব নিয়মিত অভিযান চালাচ্ছে।
গ্রেফতার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।