দীর্ঘদিন রানখরায় থাকা বাবর আজম অবশেষে ফিরলেন নিজের চেনা রূপে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করে শুধু দলকে বড় সংগ্রহই এনে দেননি, গড়েছেন নতুন বিশ্বরেকর্ডও।
ম্যাচে আগে ব্যাট করতে নেমে পেশোয়ার জালমি ৩ উইকেটে তোলে ২৪৬ রানের বিশাল সংগ্রহ। শুরুতে দ্রুত উইকেট হারালেও বাবর আজম ও কুশল মেন্ডিস মিলে গড়েন ৯৭ বলে ১৯১ রানের দুর্দান্ত জুটি, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
কুশল মেন্ডিস ৫২ বলে ১০৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ১৪টি চার ও ৪টি ছক্কা। অপরপ্রান্তে বাবর আজম ৫১ বলে অপরাজিত ৮৭ রান করেন।
এই ইনিংস খেলার মধ্য দিয়েই টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ১২ হাজার রান পূর্ণ করার বিশ্বরেকর্ড গড়েন বাবর। মাত্র ৩৩৮ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করে তিনি ছাড়িয়ে যান ক্রিস গেইল-এর আগের রেকর্ড (৩৪৩ ইনিংস)। এছাড়া বিরাট কোহলি (৩৬০ ইনিংস) ও ডেভিড ওয়ার্নার (৩৬৮ ইনিংস)-কেও পেছনে ফেলেছেন তিনি।
এর মাধ্যমে দ্বিতীয় পাকিস্তানি হিসেবে টি-টোয়েন্টিতে ১২ হাজার রান পূর্ণ করলেন বাবর। এর আগে এই কীর্তি গড়েছিলেন শোয়েব মালিক।
শেষ দিকে আব্দুল সামাদ-এর ১২ বলে ৪০ রানের ঝড়ো ক্যামিও ইনিংসে পেশোয়ার জালমির স্কোর আরও বড় হয়। বাবর ও সামাদ মিলে শেষ দিকে অবিচ্ছিন্ন ৪৯ রানের জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান।
দীর্ঘ সমালোচনার পর এমন পারফরম্যান্সে আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন বাবর আজম।