ডলির প্রচারে কানাডার প্রধানমন্ত্রীর চিঠি এবং প্রিমিয়ারের প্রশংসা

কানাডার স্থানীয় রাজনীতি এখন উত্তপ্ত, বিশেষ করে আসন্ন তিনটি উপনির্বাচনকে ঘিরে। এর মধ্যে সবার নজর কেড়েছে টরন্টোর স্কারবরো সাউথওয়েস্টের আসন। দীর্ঘদিনের এমপি বিল ব্লেয়ারের পদত্যাগের পর এই শূন্য আসনে লিবারেল পার্টির হয়ে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এনডিপি নেত্রী ডলি বেগম।

নানামুখী আয়োজনের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। ডলি বেগমের পক্ষে নেতা-কর্মী ও ভোটারদের সঙ্গে ফেডারেল সরকারের একাধিক প্রভাবশালী মন্ত্রী ও এমপিরাও অংশ নিচ্ছেন। অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড, বিরোধী দল থেকে হলেও, ডলির ভূয়সী প্রশংসা করে সমর্থন জানিয়েছেন।

অপরদিকে, সরাসরি প্রচারণায় নেমেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। গত সপ্তাহে তিনি আকস্মিকভাবে টরন্টোর একটি স্থানীয় রেস্টুরেন্টে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এছাড়া বাড়ি বাড়ি চিঠি পাঠিয়ে ভোটারদের ডলিকে ভোট দেওয়ার আহ্বান জানান।

চিঠিতে মার্ক কার্নি উল্লেখ করেছেন, এটি কানাডার জন্য একটি গুরুত্বপূর্ণ সময়—একটি সময়, যা শক্তিশালী নেতৃত্ব, সুসংগঠিত অর্থনৈতিক পরিকল্পনা এবং সব পটভূমির মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা দাবি করে, যাতে একটি শক্তিশালী কানাডা গড়ে তোলা যায়।

তিনি বলেন, ডলি গত সাত বছর ধরে স্কারবরো সাউথওয়েস্টের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি কমিউনিটির প্রয়োজনগুলো গভীরভাবে বোঝেন এবং সাশ্রয়ী বাসস্থান, উন্নত গণপরিবহন ও নিরাপদ নিবাস গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছেন।

চিঠিতে আরও উল্লেখ করেন, একসঙ্গে কাজ করে একটি শক্তিশালী ও স্বনির্ভর কানাডীয় অর্থনীতি গড়ে তোলা হবে—যেখানে থাকবে সাশ্রয়ী আবাসন, কর্মজীবী মানুষ ও পরিবারের জন্য প্রয়োজনীয় কর্মসূচির সুরক্ষা এবং উন্নত কর্মসংস্থানের সুযোগ।

এই গুরুত্বপূর্ণ উপনির্বাচনে ভোটারদের আহ্বান জানিয়ে বলেন, এমন একজন লিবারেল সংসদ সদস্য নির্বাচন করতে, যিনি জনগণের অগ্রাধিকার বাস্তবায়নে কাজ করবেন এবং অনিশ্চিত সময়ে কানাডাকে শক্তিশালী রাখতে ভূমিকা রাখবেন, এবং আগামীতে আরও বৃহত্তর পরিসরে ভূমিকা রাখবেন।

ডলি নিজেও ডোর-টু-ডোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন। একাধিক জরিপে দেখা যাচ্ছে, তিনি এগিয়ে রয়েছেন। ৩ থেকে ৭ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে অগ্রিম ভোটগ্রহণ। বাঙালি অধ্যুষিত এই নির্বাচনী এলাকায় বাংলাদেশি কমিউনিটির মধ্যে স্বতঃস্ফূর্ত আগ্রহ ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।

ডলি বেগম ছাড়াও আলোচ্য আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন—কনজারভেটিভ থেকে ডিয়ানা ফিলিপোভা, এনডিপি থেকে ফাতিমা শাবান এবং গ্রিন পার্টি থেকে পুজা মালহোত্রা।