যশোরের কেশবপুরে বুধবার আরও তিনজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এরা হলেন উপজেলার সাতাইশকাটি গ্রামের ছায়রুন্নেছা (৪৫), ভোগতী গ্রামের নূর মোহাম্মদের ছেলে নূর আলম (৩৫) ও গৌরীপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে রাজু আহম্মদ (২০)। তিনজনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
কেশবপুরে গ্রামাঞ্চলে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ১০ দিন আগেও কেশবপুরে কোন ডেঙ্গু রোগীর সন্ধান পাওয়া যায়নি বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আহসানুল মিজান রুমি জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে প্রতিদিন ৩ থেকে ৪শ রোগী চিকিৎসা নিতে আসে। এর মধ্যে প্রায় শতাধিক রোগী থাকে জ্বরে আক্রান্ত। ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীর সংখ্যা দ্বিগুনেরও বেশি। জ্বরে আক্রান্ত কোন রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে এলে তার রক্ত পরীক্ষা করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হারুন-অর-রশীদ বলেন, রক্ত পরীক্ষার জন্য পর্যাপ্ত এনএসআই-১ ডেঙ্গু স্ট্রিপ সংগ্রহ করা হয়েছে। এছাড়া ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধিরোধ এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: বরগুনায় অনিক হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড, একজনের মৃত্যুদণ্ড
বুধবার দুপুরে ভোগতী নরেন্দ্রপুর গ্রামে গিয়ে দেখা যায় আতিয়ার রহমান নিজ উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে তার বাড়ির চারপাশ পরিস্কার করছেন। কেশবপুরের কয়েকশ মানুষ এখন নিজ উদ্যোগেই ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসছেন।
ইত্তেফাক/নূহু