খুলনায় মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

খুলনায় মাদক সেবনের টাকা না পেয়ে লাঠি দিয়ে পিটিয়ে মাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলে নাদিম ইসলামকে (২৫) ঘটনাস্থল থেকে আটক করেছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মাদপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মিম্মি বেগম রূপসা ওই গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী। 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মাদকাসক্ত নাদিম ইসলাম নেশার টাকার জন্য প্রায়ই তার মা মিম্মি বেগমকে মারধর করতো। শুক্রবার সকালে সে মা মিম্মি বেগমের কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় সে মায়ের ওপর চড়াও হয়। কথা কাটাকাটির একপর্যায়ে সে লাঠি দিয়ে মিম্মি বেগমের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই মিম্মির মৃত্যু হয়। 

পরে পুলিশ নাদিমকে আটক করে। তবে তাকে ফাঁড়িতে আনার পথে বাধা দেয় স্থানীয়রা এবং নাদিমকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়। এ সময় পুলিশ নাদিমকে নিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। পরে সার্কেল এএসপি সাইফুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।

বিষয়টি নিশ্চিত করে রূপসা থানার ওসি আব্দুর রাজ্জাক মীর বলেন, নাদিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকের টাকা না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে সে মায়ের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মিম্মি বেগমের স্বামী হামিদুল ইসলাম পরিবারের সঙ্গে থাকেন না। ফলে তার মেয়েদের খবর দেওয়া হয়েছে। তারা থানায় আসলে মামলা নেওয়া হবে।