মালদ্বীপে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে আসার পর দলের ইংলিশ কোচ মার্ক এডওয়ার্ড কক্সকে বিদায় করে দেওয়া হয়েছে। নতুন কোচ খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন বাফুফের সহ-সভাপতি শাহরিয়ার নাসের জাহেদী। বিদায় করার প্রসঙ্গে তিনি জানিয়েছেন, এক মাসের চুক্তিতে মার্ক কক্সকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তার চুক্তি সম্পন্ন হয়েছে।
সাধারণত চ্যাম্পিয়ন কোচকে সময় দেওয়া হয়। আরও বেশি সময়ের জন্য রাখা হয় যদি সাফল্য দিতে পারে। কিন্তু বাফুফে সেখান থেকে সরে এসেছে। এই কোচকে না রাখার পক্ষে। বাফুফের সভাপতি তাবিথ আউয়াল এবং সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মিলেই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
মার্ক কক্স থাকতে চেয়েছিলেন কিনা সেই প্রশ্নে জাহেদী জানিয়েছেন, চুক্তিই ছিল এক মাসের।' আর অন্যদিকে মালদ্বীপে চ্যাম্পিয়ন হয়ে আসার পর পুরো দলকে ক্রীড়া মন্ত্রণালয়ে সংবর্ধনা দেওয়া হয়। ক্রীড়া পরিষদে সংবর্ধনা অনুষ্ঠান শেষে মার্ক কক্সকে তার চুক্তির মেয়াদ বৃদ্ধি প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল তিনি থাকছেন কিনা। এই দলটা নিয়ে তার কোনো পরিকল্পনা রয়েছে কিনা। মার্ক কক্স জানিয়েছিলেন, সেটা নির্ভর করছে বাফুফের ওপর। বাফুফে রাখতে চায় কিনা সেটা তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমার সঙ্গে এখনো আলোচনা হয়নি।'
জাহেদী জানিয়েছেন, আমরা এক মাসের চুক্তিতে এনেছিলাম।' জাহেদীর কথায় পরিষ্কার মার্ক কক্সকে বিদায় দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, নতুন কোচ খোঁজা হচ্ছে আমাদের কাছে একাধিক বায়োডাটা এসেছে। আমরা সেগুলো দেখে একটা সিদ্ধান্ত গ্রহণ করবো।' নতুন কোচকে নিয়ে তাদের পরিকল্পনা রয়েছে। লম্বা সময়ের জন্য কোচ নিয়োগ দেওয়ার কথা জানিয়েছেন নাসের শাহরিয়ার জাহেদী। দুই বছরের জন্য কোচ নিয়োগ দেওয়া হবে। এক বছর পরে চুক্তি রিনিউ করা হবে।
জাহেদী জানিয়েছেন বয়সভিত্তিক ফুটবলে আমাদের অনেক খেলা রয়েছে। অনূর্ধ্ব-১৭, ১০ এবং ২০ বছর বয়সের খেলা রয়েছে। আমাদের পরিকল্পনা রয়েছে কোনো এক-দুইটি বাছাই টুর্নামেন্ট আমরা আয়োজন করবো। সেই সব বিবেচনায় আমরা কোচ নিয়োগ দেব।' অনূর্ধ্ব-২০ ফুটবল দলটার প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন গোলাম রাব্বানী ছোটন। আচমকা ইংলিশ কোচ মার্ক কক্সকে এনে তার হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। সরিয়ে দেওয়া হয় ছোটনকে। মার্ক কক্সের ফুটবল সনদ নিয়ে সৃষ্ট বিতর্ক মুছে দিতেই তাকে পছন্দের তালিকা হতে বাদ দেওয়া হয় বলে গুঞ্জন রয়েছে।