ছবি ভাইরাল 

ইউনফর্মে দেখলেই পালিয়ে যেত আসামি, কৃষক সেজে ধরলো পুলিশ

ফরিদপুরের ভাঙ্গায় কাওছার শেখ (৩৫) নামের এক পলাতক ডাকাতকে কৃষকের ছদ্মবেশে গ্রেপ্তার করেছেন থানা পুলিশের অতিরিক্ত উপপরিদর্শক এএসআই আতাউর রহমান। এই কায়দায় আসামি গ্রেপ্তারের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সর্বশেষ শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে গ্রেপ্তার কাওছার শেখকে ফরিদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার হাসামদিয়া মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কাওছার শেখ ভাঙ্গা পৌরসভার পশ্চিম হাসামদিয়া গ্রামের দাউদ শেখের ছেলে।

পুলিশ জানায়, ভাঙ্গা পৌরসভা-এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন এলাকায় ডাকাতি করতো কাওছার। পৌর এলাকার একটি ডাকাতির ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। মামলার পর থেকে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন কাওছার।

ভাঙ্গা থানায় কর্মরত এএসআই মো. আতাউর রহমান জানান, ডাকাতির মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন কাওছার। তাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও তাকে গ্রেপ্তার করতে পারছিলাম না। সর্বশেষ বৃহস্পতিবার তাকে গ্রেপ্তারে সক্ষম হয় আমরা।

ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান জানান, দীর্ঘদিন ধরে ডাকাতি মামলায় পলাতক ছিল কাওছার। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি ফসলি মাঠে সে অবস্থান করছিল। পুলিশের পোশাক পড়ে গেলে দূর থেকে দেখেই তিনি পালিয়ে যেতেন, এএসআই আতাউর রহমানকে পাঠানো হয়েছিল। আতাউর কৃষকের ছদ্মবেশে গিয়ে কাওছারকে গ্রেপ্তার করে। আতাউরের কৃষকের ছদ্মবেশ ধারণের বিষয়টি প্রশংসা যোগ্য।