চলমান যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দিতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলের মধ্যে আরও এক দফায় সরাসরি আলোচনা চলছে। এরই মধ্যে আলোচনায় অংশ নিতে ইরানের কয়েকটি উড়োজাহাজ পাকিস্তানে পৌঁছেছে।
মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস জানিয়েছে, ইসলামাবাদের সেরেনা হোটেলে এই সরাসরি আলোচনা এখনো অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আলোচনা এখন একটি ‘গুরুত্বপূর্ণ পর্যায়ে’ পৌঁছেছে, যেখানে মূল ইস্যু হয়ে উঠেছে হরমুজ প্রণালি।
জানা গেছে, যুক্তরাষ্ট্র এই প্রণালিটি পুরোপুরি উন্মুক্ত রাখার জন্য চাপ দিচ্ছে। অপরদিকে আলোচনায় ইরানি প্রতিনিধিদল কিছুটা নমনীয়তা দেখালেও মার্কিন দাবির বিষয়ে এখনো কোনো ছাড় দেওয়া হয়নি।
এদিকে এক ঘণ্টার মধ্যে পাকিস্তানে একটি সামরিক ঘাঁটিতে ইরানের কয়েকটি উড়োজাহাজ অবতরণ করেছে। এর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হচ্ছে, নতুন করে বিশেষজ্ঞ টিম নিয়ে আসা হয়েছে।
উভয় পক্ষের মধ্যে আলোচনা এখনো অব্যাহত রয়েছে। দুই পক্ষই একটি সমাধানে পৌঁছাতে কঠোর পরিশ্রম করছে বলে মনে হচ্ছে।
সূত্র: আল-জাজিরা