নাটক ‘টেডি মোস্তফা’

ঈদের দিন

চ্যানেল:দীপ্ত টিভি

সময়:সন্ধ্যা ৬টা

দীপ্ত টিভিতে ঈদের দিন সন্ধ্যা ৬টায় প্রচার হবে বিশেষ একক নাটক ‘টেডি মোস্তফা’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তারেক রহমান এবং অভিনয় করেছেন শাওন, শেহতাজ, শহীদু্জ্জামান সেলিম, সোহেল খান, মুনিরা আক্তার মিঠু, সাইফ, হাসানসহ অনেকে।

পুরান ঢাকায় একটি মধ্যবিত্ত পরিবারের বসবাস। ছেলেসহ পরিবারের মোট সদস্য ৩ জন। পরিবারের কর্তা রমজান আলী আঁড়তদারের ব্যবসা করেন। তাঁর একমাত্র ছেলে, যাঁর নাম রনি, মহল্লার সবাই টেডি মোস্তফা নামে ডাকে। বাবার অনেক ইচ্ছে ছেলে পড়াশোনা করে বড় হবে, কিন্তু এলাকার বখাটেদের সঙ্গে মিশে টেডি মোস্তফা আর পড়াশোনা করতে পারে না। একে একে সে তিনবার এইচএসসি পরীক্ষায় ফেল করে। এত হতাশার মাঝেও শুধু সুখ খুঁজে পায় তাঁর প্রেমিকার কাছে। সেই প্রেমে বাঁধা হয়ে দাঁড়ায় প্রেমিকার প্রভাবশালী বড় ভাই। এদিকে দিন এবং সময়ের ব্যবধানে বাবা ছেলের প্রতি আস্থা হারিয়ে ফেলে। তাঁর ভবিষ্যত্ নিয়ে শঙ্কায় পড়ে যায়। হঠাত্ একদিন তাঁর বাবা রমজান আলী স্ট্রোক করে বসে। মধ্যবিত্ত পরিবারের ছেলে টেডিকে সাহায্যের জন্য অসহায় হয়ে হাত পাততে হয় সেই প্রেমিকার বড় ভাইয়ের কাছে। সে তাঁর প্রেম বিসর্জন দেওয়ার শর্তে সেদিন সাহায্য নিলেও আর বাঁচানো সম্ভব হয় না বাবাকে। তাঁর ওপর পরিবারের দায়িত্ব এসে পড়ে। সে কী আট-দশজন দায়িত্বশীল মানুষের মতো বাবার অবর্তমানে সংসারের হাল ধরতে পারবে, পারবে কী নিজেকে পরিবর্তন করতে?