ইরফান সাজ্জাদ

প্রচ্ছদ তারকা

ভার্সেটাইল...

 

চট্টগ্রামে ইন্টারমিডিয়েট পড়ার সময় রীতিমতো একটা ব্যান্ডের প্রধান ভোকালিস্ট ছিলেন তিনি। হেঁটেছেন র্যাম্পে। মূকাভিনয়ের দল নিয়ে প্রায় ২ বছর শহরের বিভিন্ন অঞ্চলে ঘুরে শো করে বেড়িয়েছেন। এর আগে ইরফান সাজ্জাদ সক্রিয় ছিলেন থিয়েটারে। এখন ছোটপর্দার ব্যস্ত একজন অভিনেতা।

গত ঈদে ২ ডজন নাটকের শুটিং করেছেন। তবে সব কাজ মনের মতো করে করা হয়নি বলে জানান তিনি। তবে ইরফান বলেন, ‘এই কাজগুলোর ভেতর আমার ভালোলাগার কাজ আছে ১২টার মতো।’ এবার চেষ্টা করেছেন মনের মতো কাজ বেশি করতে। এবারের কাজের মাঝে আলাদা আলাদা সব মিষ্টি গল্প, অনেকগুলো রোমান্টিক-কমেডি আবার কয়েকটা রয়েছে থ্রিলার। এছাড়া উপন্যাস নিয়েও কাজ করেছেন তিনি।

তবে সিনেমায় এখনই আসতে চান না তিনি। ইরফান বলেন, ‘সিনেমা নিয়ে আসলে আমার খুব শক্ত একটা পরিকল্পনা রয়েছে। মন থেকে সিনেমাটা করতে চাই। সিনেমা যদি করি একেবারে ভেতরে লালন করে করতে চাই। আমি সিনেমায় এসে আবার চলে যেতে চাই না। তবে শুরু করলে সহজ গল্পের একটা সিনেমা দিয়ে শুরু করতে চাই। আপাতত কঠিন কোনো গল্পে কাজ করতে চাই না।’