ঈদের বাকি আর ক’দিন। তবে এখন পর্যন্ত ঢালিউডে নেই কোনো আমেজ। যেখানে এই সময়ের মধ্যে সিনেমার প্রচারণা থেকে শুরু করে সারাদেশে পোস্টারের মেলা বসে যাবে, সেই জায়গায় এখন পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি ঠিক কয়টি সিনেমা মুক্তি পাবে কোরবানির ঈদে। তবে নিশ্চিত মুক্তির তালিকায় থাকা তিনটি সিনেমার মধ্যে দুটি সিনেমা মুক্তির নিশ্চয়তা রয়েছে।
মনের মতো মানুষ পাইলাম না
এই ঈদে ঢালিউডের শীর্ষ তারকাখ্যাত নায়ক শাকিব খানের একটি চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত এ চলচ্চিত্রের নাম ‘মনের মতো মানুষ পাইলাম না’। এই চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী।
ছবিটি প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘আমার নতুন ছবি মনের মতো মানুষ পাইলাম না আনকাট সেন্সর পেয়েছে। সেন্সর বোর্ডের বেশ কয়েকজন সদস্য ফোন করে ছবিটি নিয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। সবাই ছবিটির প্রশংসা করেছেন।’
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে যে ধরনের অনিয়ম হচ্ছে, এর বিরুদ্ধে প্রতিবাদের গল্প নিয়ে ছবিটি নির্মিত হয়েছে। প্রতিটি ক্ষেত্রে যেন মনের মতো মানুষের অভাব। এই প্রতিবাদের গল্পের মধ্য দিয়েই দেখানো হয়েছে নায়ক-নায়িকার প্রেম। তবে সে প্রেম তথাকথিত নয়।
ছবিতে মোট ৪টি গান আছে। গানগুলো লিখেছেন জাকির হোসেন রাজু ও শফিক তুহিন। গানগুলোর সুর ও সংগীত করেছেন শফিক তুহিন। কণ্ঠ দিয়েছেন ইমরান, মাহতিম শাকিব, খেয়া, স্বরলিপি ও জাহাঙ্গীর সাইদ। ছবির আবহসংগীত করেছেন ইমন সাহা। মনের মতো মানুষ পাইলাম না ছবিতে আরো অভিনয় করেছেন সাবেরী আলম, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, ডন, বাসার মাসুম প্রমুখ।
বেপরোয়া
গতবছরের কোরবানির ঈদে মাত্র একটি হলে মুক্তি পেয়েছিল রোশান ও ববি অভিনীত ‘বেপরোয়া’। এরপর বেশ কয়েকবার বড় পরিসরে মুক্তির উদ্যোগ নিলেও নানা প্রতিবন্ধকতায় সেটি আর হয়নি। গত কোরবানির ঈদে মুক্তি পাওয়া সিনেমাটি নতুন করে আবারো আলোর মুখ দেখতে যাচ্ছে এই কোরবানির ঈদে। এমনটাই জানিয়েছে ছবির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া।
জানা গেছে, দেশের প্রায় ৮০টি হলে মুক্তি পাবে রোশান ও ববি অভিনীত ছবিটি। থ্রিলার অ্যাকশন ঘরানার এই ছবির শুটিং হয়েছে ভারতের হায়দ্রাবাদের রামুজি ফিল্ম সিটিসহ সেখানকার বিভিন্ন স্থানে।
বেপরোয়া ছবিতে আছে ৪টি গান। একটি লিখেছেন বাংলাদেশের সুদীপ কুমার, বাকি ৩টি লিখেছেন ছবির পরিচালক ভারতের রাজা চন্দ। গানগুলোর সুর ও সংগীত করেছেন ভারতের ডাব্বু ও বাংলাদেশের মুশফিক লিটু। কণ্ঠ দিয়েছেন ইমরান, কনা, শান, শত্রুজিত্। বেপরোয়া ছবিতে আরো অভিনয় করেছেন কাজী হায়াত্, তারিক আনাম খান, খালিদ হোসাইন প্রমুখ।