পুরুষ দলে নারী কোচকে নিয়োগ দিয়ে ইতিহাস গড়লো জার্মান ক্লাব

বুন্দেসলিগা ইতিহাস গড়েছেন নারী কোচ মেরি-লুইস এতা। জার্মান ক্লাব ইউনিয়ন বার্লিন তাকে মৌসুমের শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। যা পুরুষদের বুন্দেসলিগায় কোনো নারীর প্রথম হেড কোচ হওয়ার নজির।

সম্প্রতি স্টেফেন বাউমগার্টকে বরখাস্ত করে ইউনিয়ন বার্লিন। তার সহকারী ড্যানিলো ডি সুজা ও কেভিন ম্যাককেনা-ও দায়িত্ব হারান। এরপর ঐতিহাসিক এই সিদ্ধান্ত নেয় জার্মান ক্লাবটি।

৩৪ বছর বয়সী এতা ২০২৩ সাল থেকে ইউনিয়ন বার্লিন ক্লাবের সঙ্গে যুক্ত। এর আগে তিনি পুরুষদের বুন্দেসলিগা ও চ্যাম্পিয়নস লিগে প্রথম নারী সহকারী কোচ হিসেবে ইতিহাস গড়েছিলেন। এবার আরেকটি মাইলফলক স্পর্শ করলেন এই নারী কোচ।

বর্তমানে পয়েন্ট টেবিলের ১১তম স্থানে থাকা ইউনিয়ন বার্লিন টানা খারাপ পারফরম্যান্সে ভুগছে। শেষ ছয় ম্যাচে মাত্র একটি জয় পাওয়া দলটি রেলিগেশন প্লে-অফের ঝুঁকির কাছাকাছি অবস্থান করছে। ক্লাবের ক্রীড়া পরিচালক হর্স্ট হেল্ট জানান, দলের সাম্প্রতিক পারফরম্যান্স আশানুরূপ নয়, তাই পরিবর্তন জরুরি ছিল।

এতা বলেন, 'চ্যালেঞ্জটা কঠিন, তবে আমি আত্মবিশ্বাসী। দল হিসেবে ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রয়োজনীয় পয়েন্ট তুলে নিতে পারবো।'