‘মন ভালো নেই আমার’ 

পরশু বিকালে কুমিল্লায় প্রিমিয়ার ফুটবল লিগে আবাহনীর কাছে হেরে মন ভালো নেই মোহামেডানের মোজাফফরভের। উজবেকিস্তানের এই ফুটবলার খেলার তিন মিনিটে কর্নার থেকে সরাসরি গোল করেছিলেন আবাহনী জালে। এগিয়ে থাকার সুযোগ পেয়ে কাজ লাগাতে পারেনি মোহামেডান। ২-১ গোলে হেরেছে। 

গতকাল মতিঝিলে ক্লাব টেন্টে দেখা গেল মোজাফফরভ একবার বাইরে গেলেন, আবার নিজের ঘরে ফিরলেন। মোজাফফরভ এখন ক্লাবেই থাকেন। কোচ আলফাজ আহমেদ এবং ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিবের রুমে মোজাফফরভকে থাকতে দেওয়া হয়েছে। আলফাজ-নকিব অন্য রুমে চলে গেছেন। অর্থ সাশ্রয়ের জন্যই মোহামেডানের বিদেশি ফুটবলারদেরকে ক্লাবে রাখার ব্যবস্থা করা হয়েছে।

সাদাকালো দলের সবচেয়ে বড় শক্তি এখন মোজাফফরভ। ২০২২ সাল থেকে মোহামেডানে খেলছেন। লোনের প্লেয়ার হিসেবে একটি টুর্নামেন্টে খেলেছিলেন আবাহনীর হয়ে। অনেক সংকটেও মোহামেডানকে ছাড়েননি তিনি। মোহামেডানের অনেক জয়ের পেছনের কারিগর তিনি। দুর্দান্ত সেটপিস, কর্নারগুলো চোখে লাগার মতো। গতকাল ক্লাব টেন্টে মোজাফফরভকে দেখে কেমন আছেন জানতে চাইলে বিরক্তির সঙ্গে জবাব দেন, 'খেলায় হেরে কেউ ভালো থাকে নাকি। মন ভালো নেই।'

আবাহনীর জালে মোজাফফরভ দুর্দান্ত গোল করেছেন। তার গোল সমাদৃত হয়েছে। আবাহনীর সমর্থকরাও অবাক হয়েছে গোল দেখেন। টিভির পর্দায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হয়েছিল গোলের দৃশ্য। অবাক হওয়ার মতোই গোল, আপনার গোলটা দেখে সবাই খুশি হয়েছে। 'লাভ কী। আমরা কী ম্যাচ জিতেছি? না।' কর্নার থেকে গোল করাটা নতুন কিছু নয় মোজাফফরভের কাছে। 'এ ধরনের অলিম্পিক গোল আগেও করেছি আমি।' 

পকেট থেকে মোবাইল ফোন বের করে মোজাফফরভ দেখালেন ২০২৩ সালে কুমিল্লার মাঠে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে গোল করেছিলেন। সেই একই কর্নারফ্ল্যাগ থেকে শট করে একই গোলপোস্টে গোল করেছিলেন। 'অলিম্পিক গোল আমার কাছে নতুন কিছু নয়। তবে ঢাকার মাঠে দ্বিতীয় গোল করলাম আবাহনীর বিপক্ষে। আমরা তো গোলটা ধরে রাখতে পারলাম না।' 

মোজাফফরভ জানালেন, ছোট থাকতে নিয়মিত অলিম্পিক গোলের অনুশীলন করতেন।' আবাহনীর বিপক্ষে এগিয়ে থাকলেও রক্ষণের ভুলে গোল হজম করেছিল মোহামেডান। মাহবুব, মেহেদীরা মোহামেডানের রক্ষণ সামাল দিতে পারেননি। মাঝমাঠেও মোহামেডান ছিল দুর্বল। মোজাফফরভ একা লড়াই করে পেরে উঠছিলেন না। বোয়েটাংও সেভাবে নজর কাড়তে পারছেন না। রহমতগঞ্জে থাকতে গোলের পর গোল করে আলোচনায় এসেছিলেন বোয়েটাং। 

মোহামেডান থেকে সুলায়মান দিয়াবাতে চলে গেলে বোয়েটাংকে আনা হয়েছিল। কিন্তু সাদাকালো পতাকা উড়াতে পারছেন না তিনি। গত বছর লিগ চ্যাম্পিয়ন হওয়া মোহামেডানকে এখন রেলিগেশন ঠেকাতে নামতে হবে। গণিতের হিসাবে এখনও অনেক সমীরকরণ রয়েছে। মোহামেডান কি চ্যাম্পিয়ন হতে পারবে? এমন প্রশ্ন করা হয়েছিল উজবেক ফুটবলার মোজাফফরভের কাছে। কথাটা শুনে কপাল কুচকে, চোখ বড় করে বললেন, 'চ্যাম্পিয়ন? নো নো।' কথাটা বলেই দৌড়ে নিজ রুমে ঢুকে গেলেন।