অ্যাতলেটিকোকে হারাতে অলৌকিকতার প্রয়োজন নেই: ফ্লিক

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে হেরেছে বার্সেলোনা। ঘরে মাঠ ন্যু ক্যাম্পে ২-০ গোলের ব্যবধানে হারে কাতালানরা। তবে দ্বিতীয় লেগে কামব্যাক করার ব্যাপারে আশাবাদী বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। এর জন্য কোনো অলৌকিকতার প্রয়োজনও নেই বলে মনে করেন তিনি। 

প্রথম লেগে ভালো খেলেও হারতে হয়েছিল বার্সেলোনাকে। ফ্লিক মনে করেন, মাদ্রিদ ক্লাবের বিপক্ষে জিততে কোনো অলৌকিকতার প্রয়োজন নেই। আগের ম্যাচের মান ও মনোবল ধরে রাখলে ‘যে কোনো কিছু সম্ভব’।

শনিবার (১১ এপ্রিল) লা লিগার ৩১তম ম্যাচে নগরপ্রতিদ্বন্দ্বী এস্পানিওলকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার পর বার্সা কোচ বলেন, ‘আমাদের কোনো অলৌকিকতার প্রয়োজন নেই। আমাদের ভালো খেলা খেলতে হবে এবং আমরা সেটা পারবো। যে কোনো কিছু সম্ভব। অ্যাতলেটিকো দুর্দান্ত দল। কিন্তু আমাদেরও ভালো দল আছে এবং এটা করার সামর্থ্য রাখে।’

এ দিকে ৯ পয়েন্টে এগিয়ে থেকে লা লিগায় শীর্ষে বার্সেলোনা। ৭ ম্যাচে আর মাত্র ১২ পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত হবে কাতালানদের। তবে এখনই আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন ফ্লিক। তিনি বলেন, ‘এখনো এটা শেষ হয়নি। ৯ পয়েন্ট ভালো, কিন্তু আমাদেরকে শেষ করতে হবে। এই ধরনের মানসিকতা নিয়ে আমরা এগোতে পারি না, আমি এটা মানবো না।’ 

বার্সা কোচ বলেন, ‘শেষ না হওয়া পর্যন্ত আমাদের সেরাটা খেলতে হবে এবং তারপরেও। আমরা এভাবে এগিয়ে যেতে থাকবো। আশা করি আমরা মঙ্গলবার নিজেদের প্রমাণ করবো।’