ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ (সংশোধন) বিল

জাতীয় সংসদের অধিবেশনে শুক্রবার (১০ এপ্রিল) ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ (সংশোধন) বিল ২০২৬’ সর্বসম্মতিক্রমে পাস হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বিলটি উত্থাপন করেন।

সংশোধিত আইনে ই-সিগারেট, ভ্যাপ, নিকোটিন পাউচসহ সকল ধরনের ইমার্জিং টোব্যাকো প্রোডাক্ট নিষিদ্ধের বিধান বাতিল করা হয়েছে।

বিল উত্থাপনের সময় স্বাস্থ্যমন্ত্রী সংসদে উল্লেখ করেছেন, রাজস্ব আদায়ের বিষয় বিবেচনায় রেখে ই-সিগারেট নিষিদ্ধের বিধান বাতিল করা হয়েছে।

এর আগে সংসদে উত্থাপনের পর বিলটি অবিলম্বে বিবেচনার জন্য নেওয়া হয়।

বিলের দফা বিবেচনার আগে  দফা ৩, ৬ ও ৭ এর সংশোধনী এনেছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। তিনি ইমার্জিং টোব্যাকো প্রোডাক্ট অর্থাৎ ই-সিগারেট, ভ্যাপ, নিকোটিন পাউচসহ সরকার কর্তৃক বিভিন্ন সময় ঘোষিত অন্য যেকোনো নিকোটিন দ্রব্যের ওপর শর্তাবলী বর্জনের আহ্বান জানান।

পরে স্বাস্থ্যমন্ত্রী এই সংশোধনী জনস্বার্থে গ্রহণ করতে স্পিকারের কাছে অনুরোধ করেন।

কণ্ঠভোটে সংশোধনীগুলো গৃহীত হওয়ার পর বিলটি পাস হয়। শেষে সংসদে সংশোধিত আকারে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ বিল-২০২৬ পাস হওয়ার ঘোষণা দেন স্পিকার।