গুলশানে ৫০ লক্ষ টাকার জাল নোট জব্দ, আটক ৩

রাজধানীর গুলশান এলাকা থেকে ৫০ লাখ টাকার জাল নোটসহ তিনজনকে আটক করেছে পুলিশ। 

রোববার (১২ এপ্রিল) বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন, মো. আবু হানিফ পালোয়ান (৫০), রেজাউল শেখ (৪০) ও আব্দুল্লাহ মজুমদার আশিক (২৪)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গুলশান থানার একটি দল বিকেল ৩টা ২০ মিনিটের দিকে ৩৬ নম্বর সড়কে অভিযান চালায়। এ সময় মো. আবু হানিফ পালোয়ান (৫০), রেজাউল শেখ (৪০) ও আব্দুল্লাহ মজুমদার আশিক (২৪)কে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫০ লাখ টাকার জাল নোট এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

প্রাথমিক তদন্তে উদ্ধার করা নোটগুলো জাল বলে নিশ্চিত হওয়া গেছে। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।