আবারও আন্তর্জাতিক মানে ফিরছে শহীদ চান্দু স্টেডিয়াম: ক্রীড়া প্রতিমন্ত্রী

দীর্ঘদিন ধরে অযত্ন আর অবহেলায় পড়ে আছে বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়াম। প্রায় দুই যুগ হতে চললো আন্তর্জাতিক ম্যাচ হয় না। এমনকি ঘরোয়া লিগ হলেও মাঠের অবস্থা বেশ শোচনীয়। এবার বগুড়ার এই স্টেডিয়ামকে পুনরায় আন্তর্জাতিক মানের ক্রিকেট ভেন্যুতে রূপ দিতে দ্রুত উন্নয়ন কাজ শুরুর ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে শহীদ চান্দু স্টেডিয়াম পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এ ঘোষণা দেন।

আমিনুল হক বলেন, শহীদ চান্দু স্টেডিয়াম এক সময় আন্তর্জাতিক মানের ভেন্যু হিসেবে পরিচিত ছিল। এটিকে পুনরায় সেই অবস্থানে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মানদণ্ড অনুসরণ করে আধুনিকায়ন করা হবে।

তিনি আরও বলেন, বগুড়ায় আলাদা কোনো জেলা স্টেডিয়াম না থাকায় এটি দেশের মধ্যে ব্যতিক্রম। সরকারের ৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণ পরিকল্পনার অংশ হিসেবে বগুড়ার এই স্টেডিয়ামকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নের আওতায় আনা হচ্ছে।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা স্টেডিয়ামটিকে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে রূপ দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ এবং বিসিবির কর্মকর্তারা একমত হয়েছেন।

২০০৬ সালের ৫ ডিসেম্বর বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ মাঠে গড়ায়। এই স্টেডিয়ামে একটি মাত্র টেস্ট হয়েছিল ২০০৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। ওই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ১০ উইকেটে। এছাড়া এই স্টেডিয়ামে হওয়া পাঁচটি ওয়ানডের মধ্যে চারটিতেই জিতেছে বাংলাদেশ।