রেলিগেশন ঠেকানোই মোহামেডানের টার্গেট

মোহামেডানের ফুটবল কোচ আলফাজ আহমেদকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে সহকারী কোচ আব্দুল কাইউম সেন্টু এবং দলনেতা মঞ্জুরুল করিম মঞ্জুকে সরিয়ে আমিরুল ইসলাম বাবুকে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকালই সব ফুটবলারদের নিয়ে সভায় বসেছিলেন বাবু। ফুটবলারদের সমস্যার কথা শুনেছেন। 

কেন মোহামেডানের এই দুরবস্থা জানতে চেষ্টা করেছেন। সেখানে ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিবও ছিলেন। ফুটবলারদের বলা হয়েছে লিগে হাতে আছে ছয় ম্যাচ। এই ম্যাচগুলোতে ভালো খেলতে হবে। নিজেদের জন্য খেলতে হবে। ভালো খেলতে পারলে অন্যান্য ক্লাবও তোমাদের দিকে হাত বাড়াবে।

অধিনায়ক মেহেদী হাসান রাখঢাক না করে জানিয়েছেন, তারা রেলিগেশন নিয়ে ভাবছেন। 'যেহেতু রেলিগেশন জোনে আছি। এখান থেকে বেরিয়ে আসার চেষ্টাই করব আমরা।' গত মৌসুমে লিগ চ্যাম্পিয়ন হওয়া মোহামেডান এবার কেন ভালো খেলতে পারছে না? 'আসলে আমরা ভালো খেলতে পারছি না।' 

মেহেদি হাসান বলেন, 'আমি এই কোচের (আলফাজ আহমেদ) অধীনে ৬টা ফাইনাল খেলেছি। ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়েছি, লিগ চ্যাম্পিয়নও হয়েছি। এবার ভালো খেলতে পারিনি। আর এই দলটা গত মৌসুমের মতো দলও হয়নি।'

কোচের বিপক্ষে কথা বলেননি মেহেদী। কোচকে কেন বিদায় করা হলো-সেই প্রশ্নে মেহেদী বলেন, 'এভাবে কোচকে বিদায় করা ঠিক হয়নি। এটা আসলে অফিশিয়ালদের ব্যাপার। আমি বলতে পারবো না।'

ফুটবল দলনেতা আমিরুল ইসলাম বাবু বলেন, 'রেজালটা খারাপ হলে কোচ স্যাক হবেই। মোহামেডান কখনো রেলিগেশনের জন্য দল গঠন করে না। বাকি যে ৬টি ম্যাচ আছে। সেগুলোতে ভালো খেলে মোহামেডান তার ভালো অবস্থানে ফিরে আসবে আশা করছি।'

বিদেশি কোচের বিষয়ে বাবু জানান, ইংলিশ কোচ শেন লেন আসবেন কি না সেটি সিদ্ধান্ত হয়নি। আগে আমরা ম্যাচগুলো শেষ করি। পরে ভাববো।'