করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী

কুড়িগ্রামের রৌমারীতে জমি থেকে করলা চুরির অভিযোগে ছালেহা বেগম (৪০) নামের এক নারীকে গাছে বেঁধে পিটিয়েছেন তার স্বামী। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বংশিপাড়া এলাকায় এই অমানবিক ঘটনা ঘটেৎ

অভিযুক্ত বদিয়া মিয়া ও ভুক্তভোগী ছালেহা বেগম ওই ইউনিয়নের ছোটধনতোলা এলাকার বাসিন্দা এবং তাদের নামে মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক ৭টার দিকে বংশিপাড়া এলাকার ফরহাদ হোসেনের জমি থেকে করলা চুরি করার সময় ছালেহা বেগমকে এক বস্তা করলাসহ হাতেনাতে আটক করেন জমির মালিক ও এলাকাবাসী।

পরে বিষয়টি তার পরিবারকে জানানো হলে স্বামী বদিয়া মিয়া ঘটনাস্থলে এসে স্ত্রীকে একটি গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। এই ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

জমির মালিক ফরহাদ হোসেন জানান, তার জমি থেকে প্রায়ই করলা চুরি হতো। চোর ধরার জন্য গোপনে ওত পেতে থাকার সময় ছালেহা বেগমকে এক বস্তা করলাসহ ধরা হয়। খবর পেয়ে তার স্বামী এসে স্ত্রীকে শাসনের নামে মারধর করে নিয়ে যান। দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেনও ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুরির দায়ে ওই নারীকে আটকের পর তার স্বামী এসে তাকে নিয়ে গেছেন।

এ বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান, ঘটনাটি সম্পর্কে তিনি বিস্তারিত জানতেন না। তবে বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চুরির অভিযোগ থাকলেও প্রকাশ্যে এভাবে গাছে বেঁধে পিটানোর ঘটনায় স্থানীয় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।