যুক্তরাষ্ট্র সফরে এপস্টাইনের শিকার কারও সঙ্গে দেখা করবেন না ব্রিটিশ রাজা

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলা চলতি মাসের শেষদিকে শুরু হতে যাওয়া তাদের গুরুত্বপূর্ণ মার্কিন সফরে যৌন অপরাধী জেফরি এপস্টাইনের যৌন কেলেঙ্কারির শিকার ও বেঁচে ফেরা ব্যক্তিদের সঙ্গে দেখা করবেন না। 

বাকিংহাম প্যালেসের একটি উচ্চপর্যায়ের সূত্র নিশ্চিত করেছে, আগামী ২৭ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠেয় এই রাষ্ট্রীয় সফরে এ ধরনের কোনো বৈঠক সূচিতে রাখা হয়নি। 

যদিও এপস্টাইনের শিকারদের পরিবার এবং মার্কিন কংগ্রেসের সদস্য রো খান্নার পক্ষ থেকে এ বিষয়ে জোরালো দাবি জানানো হয়েছিল। তবে প্যালেস সূত্র জানিয়েছে, এ ধরনের কোনো সাক্ষাৎ চলমান আইনি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার পাওয়ার পথে অন্তরায় হতে পারে বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজা চার্লসের এই সফরটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন ইরান যুদ্ধসহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের মধ্যে বাগযুদ্ধ সম্পর্কের তিক্ততা আরও বাড়িয়ে দিয়েছে। 

এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বাকিংহাম প্যালেস মনে করছে, রাজা চার্লস দুই দেশের মধ্যকার ঐতিহাসিক অংশীদারত্বকে শক্তিশালী করতে এক অনন্য ভূমিকা পালন করতে পারেন। সফরের অংশ হিসেবে ওয়াশিংটন ডিসিতে রাজা চার্লস ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে একটি ব্যক্তিগত বৈঠক অনুষ্ঠিত হবে এবং হোয়াইট হাউসে তাদের সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করা হয়েছে। এছাড়া মার্কিন কংগ্রেসে রাজার ভাষণ হবে এই সফরের অন্যতম প্রধান কূটনৈতিক আকর্ষণ।

সফরসূচি অনুযায়ী ওয়াশিংটন ছাড়াও নিউ ইয়র্ক এবং ভার্জিনিয়াতে রাজার একগুচ্ছ কর্মসূচি রয়েছে। নিউ ইয়র্কে রাজা ও রানি ৯/১১ মেমোরিয়াল পরিদর্শন করবেন এবং হারলেমে একটি কমিউনিটি প্রজেক্টে অংশ নেবেন। পরিবেশবাদী হিসেবে পরিচিত রাজা চার্লস ভার্জিনিয়াতে একটি ন্যাশনাল পার্ক পরিদর্শনে যাবেন এবং সেখানে আদিবাসীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি উৎসবেও তাদের যোগ দেওয়ার কথা রয়েছে। Thumbnail Toshif Hasan (3)

রানি ক্যামিলা এই সফরে পারিবারিক সহিংসতা ও নারীদের বিরুদ্ধে সহিংসতার বিরুদ্ধে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। রানি দীর্ঘদিন ধরে এ বিষয়ে সোচ্চার রয়েছেন এবং সম্প্রতি এক ভাষণেও তিনি সকল ভুক্তভোগীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

যুক্তরাষ্ট্র সফর শেষে রাজা চার্লস ব্রিটিশ ওভারসিজ টেরিটরি বারমুডায় তিন দিনের সফরে যাবেন। সেখানে তিনি একটি জাদুঘর পরিদর্শন করবেন এবং আটলান্টিক দাস বাণিজ্যের ইতিহাসের সঙ্গে বারমুডার সম্পর্ক নিয়ে তার উপলব্ধি আরও গভীর করার চেষ্টা করবেন। 

ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই রাষ্ট্রীয় সফরের মাধ্যমে দুই দেশের অভিন্ন সমৃদ্ধি, নিরাপত্তা এবং ইতিহাসের সেতুবন্ধনকে নতুন করে ঝালাই করে নেওয়া হবে। যদিও ট্রাম্প ও রাজা চার্লসের ব্যক্তিত্ব ও চিন্তাধারায় বিস্তর ফারাক রয়েছে, তবুও জাতীয় স্বার্থে এবং দীর্ঘমেয়াদী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা।

সূত্র: বিবিসি