ইংল্যান্ডের অ্যাশেজ দলের বিপদ কাটছেই না। বিশেষত ফাস্ট বোলারদের চোট সামলে উঠতে পারছে না দলটি। ইনজুরির কারণে প্রথম টেস্টে খেলতে পারেননি জোফরা আর্চার। প্রথম টেস্টে ৪ ওভার বোলিং করার পরও ছিটকে গেছেন জিমি অ্যান্ডারসন; তিনি দ্বিতীয় টেস্টেও খেলতে পারবেন না। এর মধ্যে খবর এলো স্কোয়াডের আরেক ফাস্ট বোলার অলি স্টোন অন্তত তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন। তিনি ট্রেনিংয়ের সময় পিঠের নিচের দিকে বাম পাশে চোট পেয়েছেন। গত মাসেই আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছে স্টোনের। এর মধ্যে দ্বিতীয় টেস্টের জন্য তৈরি হওয়ার জন্য তাকে ছেড়ে দেওয়া হয়েছিল টি-টোয়েন্টি ব্লাস্টের একটা ম্যাচ খেলার জন্য। ওয়ারউইকশায়ারের ক্রীড়া পরিচালক পল ফাব্রেস তার ইনজুরির খবর জানিয়ে বলেছেন, ইসিবির সঙ্গে যোগাযোগ করে তার চিকিত্সা ও পুনর্বাসন করা হচ্ছে।