সাভারে সাবেক ছাত্রদল নেতার অফিসে গুলি, এলাকায় আতঙ্ক

ঢাকার সাভারে ছাত্রদলের সাবেক এক নেতার অফিসের হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত প্রায় ১০টার দিকে সাভার পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের ঢালাই মোড়ের রাজাশন মহল্লায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে ওই এলাকায় অফিসটি খুলেছিলেন সাবেক ছাত্রদল নেতা তানভীর বাবু। তিনি বর্তমানে বিএনপি রাজনীতিতে সক্রিয়। ওই কার্যালয়ে দলীয় নেতাদের ছবি টাঙানো ছিল। সর্বশেষ গত মঙ্গলবার রাত ১০টার দিকে ১৪-১৫ জনের একটি দুর্বৃত্তের দল ধারালো অস্ত্র নিয়ে স্থানীয় বিএনপি কার্যালয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে দুটি গুলি কার্যালয়ের এসিতে গিয়ে লাগে এবং একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। পরে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে কার্যালয়ের শাটার ভাঙচুরের চেষ্টা চালায়।

ঘটনার পরপরই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করতে থাকে।

সাবেক ছাত্রদল নেতা তানভীর বাবু বলেন, রাতে বিদ্যুৎ না থাকায় আমরা কার্যালয়ের বাইরে বসে ছিলাম। এ সময় হঠাৎ করেই একদল দুর্বৃত্ত এসে হামলা চালায়। তারা গুলি ছোড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কার্যালয়ে ভাঙচুরের চেষ্টা করে।

সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হারুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুটি গুলি কার্যালয়ের এসিতে লাগে এবং একটি গুলি মিস-ফায়ার হয়েছে।

সাভার থানার ওসি জানান, মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনার পর থেকেই পুলিশ ও গোয়েন্দা পুলিশ কাজ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।