সংসদে আখতারকে আইনমন্ত্রী

‘তুমি সব বোঝো মানি, যতটুকু বোঝো না ততটুকুই আমি’

দেশের বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের নির্বাচন চলায় তাদের অনুরোধে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন পেছানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে সরকার কোন হস্তক্ষেপ করেনি। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, যেকোনো যুক্তিসংগত কারণে আইনে নির্বাচন স্থগিত করার সুযোগ আছে। তবে সংসদ সদস্য আখতার হোসেন তার বক্তব্যে উল্লেখ করেননি। ওই অংশটুকু তিনি আনেননি। এরপর তিনি কবিতার ভাষায় পড়ে শোনান, ‘তুমি সব বোঝো মানি যতটুকু বোঝো না ততটুকুই আমি।’ তিনি সব বোঝেন এটা যেমন মানি কিন্তু যতটুকু তার প্রয়োজন ততটুকু তিনি আনেন, এর বাইরের টুকু আনেন না।

তিনি আরও বলেন, ঢাকাবারসহ বেশ কয়েকটি অ্যাসোসিয়েশন তাদের নিজস্ব নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সমন্বয় রাখার স্বার্থে নির্বাচন পেছানোর অনুরোধ জানিয়েছিল। বিশেষ করে ঢাকা বারের ২২ হাজারেরও বেশি আইনজীবী সদস্য রয়েছে। তাদের নির্বাচন ২৯ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা।

এর আগে, আখতার হোসেন তার প্রশ্নে উল্লেখ করেন, জ্বালানি সংকটের কথা বলে বুধবার মধ্যরাতে নোটিশের মাধ্যমে বার কাউন্সিলের নির্বাচন স্থগিত করা হয়েছে। কিন্তু সংসদে সরকারের পক্ষ থেকে জ্বালানি সংকট নেই বলে দাবি করা হয়। অথচ একই সরকার-সম্পৃক্ত একটি প্রতিষ্ঠানের নির্বাচনে সেই সংকট কারণ হিসেবে দেখানো হচ্ছে। আসলে কি জ্বালানি সংকট কি ইস্যু নাকি একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয়করণ রাখা হবে, সেটা মূল ইস্যু এই বিষয়ে সিদ্ধান্তে আসা প্রয়োজন।