জার্মানিতে শত শত ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা

জার্মানিতে টানা চতুর্থ দিনের মতো লুফথানসা এয়ারলাইন্সের কর্মীদের ধর্মঘটের কারণে বিমান চলাচলে বড় ধরনের বিপর্যয় তৈরি হয়েছে। কর্মীদের কর্মবিরতির ফলে শত শত ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ, ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।

বৃহস্পতিবার ধর্মঘটের চতুর্থ দিনে পরিস্থিতি আরও খারাপ হয়। 

ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর কর্তৃপক্ষ ফ্রাপোর্ট জানায়, বৃহস্পতিবার নির্ধারিত ১,৩১৩টি ফ্লাইটের মধ্যে ৬৫৬টিই বাতিল করা হয়েছে। এর বড় অংশই লুফথানসার ফ্লাইট।

এই ধর্মঘটে লুফথানসার মূল শাখার পাশাপাশি কার্গো ইউনিট এবং আঞ্চলিক সহযোগী প্রতিষ্ঠান সিটিলাইনের পাইলট ও কেবিন ক্রুরা অংশ নিয়েছেন। ফলে সংস্থাটির স্বাভাবিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।

ধর্মঘটের মূল কারণ বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা নিয়ে বিরোধ। বুধবার এ নিয়ে পাইলটদের ইউনিয়ন ভেরেইনিগুং ককপিট এবং লুফথানসা কর্তৃপক্ষের মধ্যে আলোচনা হলেও তা কোনো সমাধান ছাড়াই শেষ হয়। এর পরই ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ইউনিয়ন। 

লো-কস্ট এয়ারলাইন ইউরোউইংসে ধর্মঘট কেবল বৃহস্পতিবারের জন্য নির্ধারিত ছিল। তবে লুফথানসা গ্রুপের অন্যান্য এয়ারলাইনে বিঘ্ন শুক্রবার পর্যন্ত গড়াতে পারে।

ইউরোউইংসের একজন মুখপাত্র জানিয়েছেন, ধর্মঘট সত্ত্বেও তারা ৭০ শতাংশের বেশি ফ্লাইট পরিচালনা করছেন। কারণ তাদের সব বিমান জার্মানির ধর্মঘট আইনের আওতাভুক্ত নয়। এছাড়া ধর্মঘটের মধ্যেও তিন শতাধিক পাইলট স্বেচ্ছায় কাজ করার জন্য এগিয়ে এসেছেন বলে কোম্পানিটি দাবি করেছে।

লুফথানসার শততম প্রতিষ্ঠাবার্ষিকীর সময় এমন অচলাবস্থা তৈরি হওয়ায় সংস্থাটির জন্য পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে উঠেছে। ধর্মঘট চলতে থাকলে শুক্রবার পর্যন্ত এই ভোগান্তি অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।