ফুটবল মাঠের ম্যাজিক দেখানোর পর এবার ফুটবল ব্যবস্থাপনায় নতুন চ্যালেঞ্জ নিলেন লিওনেল মেসি। স্প্যানিশ ফুটবলের পঞ্চম স্তরের ক্লাব ‘ইউই কর্নেয়া’ এখন থেকে পরিচালিত হবে এই আর্জেন্টাইন মহাতারকার মালিকানায়। বার্সেলোনার সাথে মেসির দীর্ঘদিনের গভীর সম্পর্কের সূত্র ধরেই এই নতুন বিনিয়োগ বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার এক বিবৃতিতে কর্নেয়া কর্তৃপক্ষ জানায়,
ইউই কর্নেয়া ঘোষণা করছে যে, আর্জেন্টাইন ফুটবলার এবং আটবারের ব্যালন ডি’অর বিজয়ী লিওনেল মেসি আনুষ্ঠানিকভাবে ক্লাবটি অধিগ্রহণ করেছেন এবং বায়াক্স লোব্রেগাত ভিত্তিক এই প্রতিষ্ঠানের নতুন মালিক হয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, বার্সেলোনায় মেসির দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারের সময় থেকেই ক্লাবটির সঙ্গে তার এক নিরবচ্ছিন্ন সম্পর্ক গড়ে উঠেছিল, যা এখন পূর্ণাঙ্গ মালিকানায় রূপ নিল।
১৯৫১ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি বার্সেলোনার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। কর্নেয়ার ইতিহাসে বেশ কিছু চমকপ্রদ সাফল্য রয়েছে। ২০২১ সালে কোপা দেল রেতে স্প্যানিশ জায়ান্ট আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে বিশ্বজুড়ে আলোচনায় এসেছিল দলটি। মেসির বর্তমান মায়ামি সতীর্থ জর্দি আলবা এই ক্লাবেরই একাডেমি থেকে উঠে এসেছেন। এছাড়া আর্সেনালের গোলকিপার দাভিদ রায়া এবং বার্সার ডিফেন্ডার জেরার্ড মার্টিনও এই ক্লাবের প্রাক্তন খেলোয়াড়।
বর্তমানে স্প্যানিশ ফুটবলের পঞ্চম স্তরে (গ্রুপ ফাইভ) খেলছে কর্নেয়া। পয়েন্ট তালিকায় তাদের বর্তমান অবস্থান তৃতীয়। লিগের নিয়ম অনুযায়ী এই গ্রুপের শীর্ষ দল চতুর্থ স্তর এবং কোপা দেল রেতে খেলার সুযোগ পায়। দ্বিতীয় থেকে পঞ্চমস্থানধারী দলগুলো সুযোগ পায় প্রমোশন প্লে–অফে।
মেসির মালিকানায় আসার পর ক্লাবটির পরিকাঠামো এবং খেলোয়াড় সংগ্রহে বড় ধরনের পরিবর্তনের আশা করছেন ফুটবল বিশ্লেষকরা। ইন্টার মায়ামিতে খেলার পাশাপাশি স্পেনের ফুটবলে এই বিনিয়োগ মেসির ফুটবল পরবর্তী ক্যারিয়ারের এক শক্তিশালী ভিত্তি হিসেবে দেখা হচ্ছে।