ইউপিডিএফ নেতাকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়ক অবরোধ

ইউপিডিএফ (প্রসীত খীসা) সমর্থিত সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ধর্মশিং চাকমাকে গুলি করে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়কে অবরোধ কর্মসূচি পালন করছেন সংগঠনটির নেতা-কর্মীরা। এতে সড়কটিতে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৬টার দিকে হত্যাকাণ্ডের ঘটনা ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে সংগঠনটির কর্মী-সমর্থকরা সড়কের বিভিন্ন স্থানে গাছ ও কাঠের টুকরা ফেলে এবং আগুন জ্বালিয়ে পিকেটিং শুরু করেন।

খাগড়াছড়ি-রাঙ্গামাটি প্রধান সড়কের পাশে কুদুকছড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বাজারের অদূরে কুদুকছড়ি উপরপাড়া গ্রামের নিজ বাসায় গণতান্ত্রিক যুব ফোরামের নেতা ধর্মশিং চাকমা (ধর্মমনি) একদল সশস্ত্র দুর্বৃত্তের গুলিতে নিহত হন।

এ সময় দুর্বৃত্তদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে ধর্মশিং চাকমার দুই বোন ভাগ্যসোনা চাকমা ও কৃপাসোনা চাকমা গুলিবিদ্ধ হয়ে আহত হন।

সংগঠনটি এ হত্যাকাণ্ডের জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)-কে দায়ী করেছে, যা পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমার নেতৃত্বাধীন।

এ ঘটনার প্রতিবাদে গণতান্ত্রিক যুব ফোরাম ও তাদের সহযোগী সংগঠনগুলো রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধের ডাক দেয়। তারা কুদুকছড়ি এলাকাসহ ‘১৭ মাইল’ এলাকায় গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করছে।

অবরোধের কারণে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে, ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

খাগড়াছড়ির মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মির্জা জহির জানান, কুদুকছড়িতে হত্যাকাণ্ডের জেরে সড়ক অবরোধের কারণে মহালছড়ি-রাঙ্গামাটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, যাতে এর প্রভাব অন্য এলাকায় না ছড়িয়ে পড়ে।