নাটোরের বড়াইগ্রামে নির্মানাধীন পাওয়ার গ্রিডে চার পাহারাদারকে বেঁধে রেখে প্রায় ২ কোটি টাকার মালামাল লুটের ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাছাড়া গাজীপুর জেলার শ্রীপুরের গভীর জঙ্গল ও গজারী বনে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব এসব তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন- মো রোকন মোল্লা (৩২), মো. শিহাব উদ্দিন (২৬), মো. রুহুল আমিন (৩৮), মো. আব্দুস সালাম (৩৫), মো. তসলিম প্রামাণিক (৪৮), মো. হযরত আলী ওরফে মন্টু মোল্লা (৪৬), মো. বাছেদ মন্ডল (৩৭), মো. সৈকত (২৫), মো. উজ্জ্বল মোড়ল (৫০), মো. হারুন অর রশীদ (৪০), মো. জাহাঙ্গীর আলম (৩৯), মো. নায়েব আলী (৪৫) ও মো. সাইফুল ইসলাম (৪২)।
জব্দ হওয়া মালামালের মধ্যে রয়েছে পাওয়ার গ্রিডের প্রায় সোয়া কোটি টাকা মূল্যের ৩৫০টি ব্যাটারি সেল, ১০টি মোবাইলসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। এর আগেই সিরাজগঞ্জের শাহজাদপুর থানা এলাকা থেকে ডাকাতিতে ব্যবহৃত ঢাকা মেট্রো-ড- ১২-৬৯৬৬) ট্রাকটি জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাদের মধ্যে রুহুল আমিন ও সৈকত দুজন পৃথকভাবে ডাকাত দল পরিচালনা করেন। বেশ কিছুদিন আগে জেলে থাকা অবস্থায় তারা দুজন বড়াইগ্রামের বনপাড়ায় নির্মাণাধীন অরক্ষিত পাওয়ার গ্রিডে ডাকাতির পরিকল্পনা করে। জেল থেকে ছাড়া পেয়েই গত ২৫ মার্চ দুটি সংঘবদ্ধ ডাকাত দল যৌথভাবে ওই গ্রিডে কর্মরত ৪ জন পাহারাদারকে বেঁধে এক কোটি ৯৩ লাখ টাকার মালামাল ট্রাকে করে লুট করে।
পরের দিন প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক অনিক কুমার বিশ্বাস বাদী হয়ে বড়াইগ্রাম থানায় ডাকাতির অভিযোগে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন। জেলা গোয়েন্দা পুলিশ ও বড়াইগ্রাম থানা পুলিশসহ বিভিন্ন দপ্তরের সহায়তায় টানা ৪৮ ঘণ্টার অভিযানে নাটোর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা ও গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী প্রায় দেড় কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই শামীম হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার ১৩ জনকে শুক্রবার বিকেলে বড়াইগ্রাম আমলী আদালতের মাধ্যমে তাদের নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।