সাফের প্রস্তুতি নিতে দেশের বাইরে ক্যাম্প হতে পারে

আগামী ২৫ মে থেকে ৭ জুন ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে সাফ নারী চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশের জন্য এবারের আসর হবে হ্যাটট্রিক শিরোপা জয়ের আসর। কবে অনুশীলন শুরু হবে সেটি এখনও নির্ধারণ করেনি বাফুফে। তবে অনুশীলন ক্যাম্প করার একটি পরিকল্পনা করা হয়েছে। 

অনুশীলনের প্রথম ধাপ শুরু হবে চট্টগ্রাম ও ঢাকায়। ক্যাম্প এখনও শুরু হচ্ছে না। কারণ খেলোয়াড়রা অনেক বেশি ম্যাচ খেলেছেন। টানা খেলার কারণে একটা ধকল গেছে। যে কারণে খেলোয়াড়দের বিশ্রামটাও জরুরি মনে করছেন কোচ পিটার বাটলার। কোচ নিজেই এবার একটু দেরিতে অনুশীলন শুরু করতে চাইছেন বলে  গতকাল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম। 

তিনি জানিয়েছেন, দলের প্রস্তুতির জন্য চীন এবং থাইল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার আলোচনা চলছে। দেশের বাইরে ক্যাম্প হতে পারে। চীন বা থাইল্যান্ডের যেকোন একটি দেশে দুই সপ্তাহের ক্যাম্প হতে পারে এবং ওই দেশের ক্লাব ফুটবলের সঙ্গেও ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে।

বিদেশি ক্যাম্প শেষ করে ২১ মে ভারতে যাবে নারী ফুটবল দল। মূল সাফ শুরু হওয়ার কয়েক দিন আগে পৌঁছাবে। কারণ গোয়ায় আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে দুই দিন আগে যাওয়া প্রয়োজন মনে করেন ফাহাদ করিম।

নারী সাফের দলে প্রবাসী ফুটবলার দেখা যেতে পারে। ফাহাদ করিম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'আমরা ১৭ ও ১৮ বছর বয়সী নতুন দুজন প্রবাসী ফুটবলারের সঙ্গে কথা বলছি। বিষয়টি এখন চূড়ান্ত পর্বে। প্রবাসী ফুটবলাররা আসন্ন সাফে খেলতে পারবেন কিনা; সময় স্বল্পতার কারণে সেটা নিশ্চিত না হলেও সেপ্টেম্বরে এশিয়ান গেমস ফুটবলের কথা মাথায় রেখে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।