পরিস্থিতি শান্ত হওয়ার পর ন্যাটো সাহায্য করতে চেয়েছে, আমি বলেছি ‘দূরে থাকুন’: ট্রাম্প

যুদ্ধবিরতির সময়কালে হরমুজ প্রণালি পরিস্থিতি শান্ত হওয়ার পর পশ্চিমা সামরিক জোট ন্যাটো ফোন করে সহায়তার প্রস্তাব দেয় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ আখ্যা দিয়ে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং তাদের ‘দূরে থাকার’ বার্তা দিয়েছেন বলে জানিয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই দাবি করেন। ওই পোস্টে তিনি জানান, হরমুজ প্রণালি পরিস্থিতি শান্ত হওয়ার পর ন্যাটোর কাছ থেকে তিনি একটি ফোন পান। সেখানে তারা জানতে চায়, যুক্তরাষ্ট্রের কোনো সাহায্যের প্রয়োজন আছে কি না। জবাবে ট্রাম্প তাদের চরম তিরস্কার করেছেন বলে উল্লেখ করেন। 

পোস্টে তিনি লেখেন, ‘হরমুজ প্রণালির পরিস্থিতি শেষ হওয়ার পর ন্যাটো থেকে আমাকে ফোন করে জিজ্ঞেস করা হয়েছিল, আমাদের কোনো সহায়তা প্রয়োজন কি না। আমি তাদের বলেছি, তারা যেন দূরে থাকে, যদি না তারা শুধু তাদের জাহাজে তেল বোঝাই করতে চায়।’

সংকটের সময় ন্যাটোর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ওই পোস্টে আরও লেখেন, ‘প্রয়োজনের সময় তারা কোনো কাজে আসেনি; তারা একটি ‘কাগুজে বাঘ’!’