অ্যাম্বুলেন্সে করে তেল পাচার: ৩ হাজার লিটার অকটেনসহ আটক ৭

নীলফামারীর সৈয়দপুরে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও কাভার্ড ভ্যানের ভেতর বিশেষ ট্যাংকার বানিয়ে জ্বালানি তেল পাচারের সময় একটি চক্রকে হাতেনাতে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টার দিকে সৈয়দপুর শহরের বাইপাস সড়কের ‘মেসার্স রোকেয়া ফিলিং স্টেশন’-এ এই ঝটিকা অভিযান চালানো হয়।

সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি চক্র দীর্ঘ দিন ধরে অ্যাম্বুলেন্স ও কাভার্ড ভ্যানের ভেতরে তেলের বড় ট্যাংকার বসিয়ে অবৈধভাবে জ্বালানি পাচার করে আসছে। শুক্রবার রাতে রোকেয়া ফিলিং স্টেশনে তেল ভরার সময় গাড়ি দুটিসহ সাতজনকে আটক করে সৈয়দপুর থানা পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে গাড়ি দুটির ভেতর থেকে আনুমানিক ৩ হাজার লিটার অকটেন জব্দ করা হয়। পাচারের সঙ্গে জড়িত থাকার দায়ে আটক সাতজনের মধ্যে একজনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। বাকি ছয়জনের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন জানান, “অবৈধভাবে জ্বালানি তেল পাচারের দায়ে ৭ জনকে আটক ও জরিমানা করা হয়েছে। তারা বর্তমানে পুলিশি হেফাজতে আছে; জরিমানার অর্থ পরিশোধ করলে তাদের আইনানুযায়ী মুক্তি দেওয়া হবে।”

তিনি আরও জানান, জব্দকৃত ৩ হাজার লিটার অকটেন পার্শ্ববর্তী একটি পাম্পে পরিমাপ করে সরকারি নিয়ম অনুযায়ী জনসাধারণের মাঝে বিতরণের ব্যবস্থা করা হবে।