যুক্তরাষ্ট্রের অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালি আবারও বন্ধের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো অবরোধ অব্যাহত রাখলে হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। শনিবার (১৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। আলজাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

পোস্টে গালিবাফ বলেন, ‘অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না।’

একইসঙ্গে এই জলপথ দিয়ে জাহাজ চলাচল ইরানের অনুমোদনের ওপর নির্ভর করবে বলে উল্লেখ করেন গালিবাফ।

এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শর্তসাপেক্ষ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হয়েছে। এই গুরুত্বপূর্ণ নৌপথের ব্যবহার বর্তমান যুদ্ধবিরতি পরিস্থিতির ওপর নির্ভরশীল বলেও সতর্ক করেছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই-নিক এর বরাত দিয়ে ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়,  ‘শুধুমাত্র যুদ্ধবিরতির শর্তে এবং শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খোলা থাকবে।

এসময় সামরিক জাহাজ এবং শত্রু শক্তির সঙ্গে যুক্ত জাহাজগুলোর হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার কোনো অধিকার নেই বলেও উল্লেখ করেন তিনি।

হরমুজ প্রণালি খোলে দেওয়ার সিদ্ধান্তকে সাময়িক উল্লেখ করে করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, লেবাননের পরিস্থিতিসহ স্থলভাগের অবস্থার পরিবর্তন হলে গুরুত্বপূর্ণ এই জলপথটি আবার বন্ধ করে দেওয়া হতে পারে।