বিশ্ববাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি পুনরায় খুলে যাওয়ার খবরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত হওয়া বা দ্রুত খুলে যাওয়ার প্রক্রিয়া চলায় চীনা প্রেসিডেন্ট ‘খুবই খুশি’।
একই বার্তায় ট্রাম্প তার আসন্ন চীন সফর নিয়েও ব্যাপক আশাবাদ ব্যক্ত করেছেন। বেইজিংয়ে শি জিনপিংয়ের সাথে তার আসন্ন বৈঠকটি অত্যন্ত বিশেষ এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে তিনি মন্তব্য করেন। ট্রাম্প বলেন, ‘আমি প্রেসিডেন্ট শি’র সাথে দেখা করার জন্য মুখিয়ে আছি। এই সফর থেকে অনেক বড় কিছু অর্জিত হবে।’
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালির কার্যক্রম স্বাভাবিক হওয়া আন্তর্জাতিক বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে চীনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
সূত্র: দ্য গার্ডিয়ান