বুধবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের বিরোধে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তিন পুলিশ সদস্যসহ অন্তত ২০জন আহত হয়েছেন। দুপুরে উপজেলা সদরের উচালিয়াপাড়া মোড়ে শামীম মিয়া ও ইউনুস মিয়া পক্ষের লোকজনের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে এ সংঘষের্র ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬ রাউন্ড রাবার বুলেট ও ৪ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে।
আহত ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ও অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত অন্য পুলিশ সদস্যরা হলেন, এএসআই আলাউদ্দিন, এএস আই গোপীনাথ সরকার ও এনামুল হক।
স্থানীয়রা জানান, গত সোমবার দুপুরে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের উচালিয়াপাড়া মোড়ের উভয়পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বার্হী কর্মকর্তাসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা। এ সময় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সরাইল ডিজিটাল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ইউনুস মিয়া ও স্থানীয় (অবসরপ্রাপ্ত সৈনিক) মোঃ শামীম মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনায় উভয়পক্ষ পাল্টাপাল্টি মামলা করেন। এরই জেরে বুধবার দুপুরে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। সংঘর্ষের খবর পেয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় সংঘর্ষে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন টিটু ও তিন পুলিশ সদস্য সহ ২০ জন আহত হন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু
সরাইল থানার পরিদর্শক (তদন্ত) নূরুল হক জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে।
ইত্তেফাক/নূহু