বৈধ কাগজপত্র ছাড়া তেল নিতে আসা ৮ মোটরসাইকেল চালককে জরিমানা

রাজবাড়ীতে ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন ছাড়া তেল নিতে আসায় আট মোটরসাইকেল চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে সপ্তবর্ণা ফিলিং স্টেশনে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরী। অভিযানের সময় ওই আট মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়।

জানা গেছে, শনিবার দুপুর ২টা থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত রাজবাড়ী জেলার সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় অবস্থিত সপ্তবর্ণা ফিলিং স্টেশনে তেল বিতরণে শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসনের উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরীর নেতৃত্বে মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে অভিযান পরিচালিত করা হয়।

অভিযান চলাকালে তেল নিতে আসা বিভিন্ন যানবাহন ও মোটরসাইকেল চালকদের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ছাড়া তেল নিতে আসায় আট মোটরসাইকেল চালককে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৪ লঙ্ঘনের অপরাধে একই আইনের ধারা ৬৬ অনুযায়ী তাদের প্রত্যেককে অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে মোট আটজনের কাছ থেকে সর্বমোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরী বলেন, বৈধ কাগজপত্র ছাড়া কোনো মোটরসাইকেল আরোহীকে তেল না দেওয়ার জন্য আমরা ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি। আমরা আজ (শনিবার) অভিযান চালিয়ে আটজনকে জরিমানা করেছি। আমাদের এই অভিযান অব্যহত থাকবে।