বৈশাখী উৎসবে বজলুর রহমান পাঠাগারের আবৃত্তি পরিবেশন

ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমি আয়োজিত সপ্তাহব্যাপী বৈশাখী উৎসবের চতুর্থদিন (১৭ এপ্রিল) মৈন্দ গ্রামের বজলুর রহমান পাঠাগারের সদস্যরা আবৃত্তি পরিবেশন করেছে। শাহনাজ জাহানের নির্দেশনায় ‘গঙ্গাফড়িং’ শিরোনামে একটি দলীয় আবৃত্তি পরিবেশন করে তারা।

এতে অংশ নেন তানহা, শেখা, জয়া, রিতু, চাঁদনি, সানিয়া, সাবিহা, আমেনা, খাদিজা, জেরিন, জিনিয়া, আফরিন, হিমেল, সাদাফ ও ইউসুফ।

আবৃত্তি পরিবেশনের পর সাহিত্য একাডেমির পরিচালক পরিমল ভৌমিকরে সভাপতিত্বে কবিতা বিষয়ক আলোচনায় অংশ নেন কবি পিয়াস মজিদ। কবিতা পাঠ করেন কবি মোঃ মাসুদ রানা, কবি আব্দুর রহিম, কবি মাশরিকী শিপার, কবি ইউনুস মিয়া। স্বাগত বক্তব্য দেন সাহিত্য একাডেমির সদস্য ফজিলাতুন নাহার।

সঞ্চালনায় ছিলেন সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নূরুল আমিন এবং নুসরাত জাহান বুশরা। অনুষ্ঠানের শুরুতে অতিথিদেরকে উত্তরিয় পরিয়ে দেন সাহিত্য একাডেমির সদস্যরা। আলোচনা শেষে নতুনমাত্রার পরিবেশনায় আল আমিন শাহীনের নির্দেশনায় নাটক ডাক পিয়ন মঞ্চায়িত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন আনন্দলোক সাংস্কৃতিক কেন্দ্র, ব্রাহ্মণবাড়িয়া।

উল্লেখ্য, ১৯৮৩ সালে সাহিত্য একাডেমি প্রতিষ্ঠার পর ১৯৮৭ সাল থেকে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে সাত দিনব্যাপী বৈশাখী উৎসব নিয়মিতভাবে আয়োজন করে যাচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে এটি ব্রাহ্মণবাড়িয়া তথা এ অঞ্চলের অন্যতম প্রধান সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে।  এবছর অনুষ্ঠিত হচ্ছে উৎসবের ৪০তম আসর।