‘এই পারফরম্যান্সে পাকিস্তান দলে আমার জায়গা পাওয়ার কথা নয়’

এবারের পিএসএলে এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেললেও ভাগ্য পরিবর্তন হয়নি রাওয়ালপিন্ডি পিন্ডিজের। সাত ম্যাচের সাতটিতেই হেরে টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বেজেছে ফ্র্যাঞ্চাইজিটির। দলের লজ্জাজনক বিদায়ের পর নিজের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সৎ ও আত্মসমালোচনামূলক মন্তব্য করেছেন পিন্ডিজের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান । তিনি স্বীকার করেছেন, একসময় জাতীয় দলে নিজের জায়গা নিয়েও প্রশ্ন তুলেছিলেন।

রিজওয়ান বলেন, ‘যখন আমি বিগ ব্যাশ লিগ খেলছিলাম, নির্বাচিত হওয়ার পর আমি স্পষ্ট বলেছিলাম, এই পারফরম্যান্সের ভিত্তিতে পাকিস্তান দলে আমার জায়গা পাওয়া উচিত নয়। তখনও আমি আপনাদের সামনে একই মানুষ ছিলাম। আর আপনারাই বলেছিলেন আমি ছক্কা মারতে পারি না, যদি মনে থাকে।’

ডানহাতি এই ব্যাটার আরও জানান, ‘এখনও আমি সৎভাবেই বলছি; হারিস রউফ এখানেই বসে আছে, সে সাক্ষী। আমরা যখন সেখানে ডিনার করছিলাম, আমি হারিসকে বলেছিলাম, বিগ ব্যাশে আমার বর্তমান পারফরম্যান্স দিয়ে পাকিস্তান দলে আমার থাকা উচিত নয়। তখন সে আমাকে যা বলেছিল, সেটা আমি বলতে পারব না, কিন্তু সে জানে।’

সংবাদ সম্মেলনে মোহাম্মদ রিজওয়ান। ছবি: পিএসএল

খারাপ পারফরম্যান্সের দায় স্বীকার করে এই উইকেটকিপার-ব্যাটার বলেন, ‘আমি বলতে চাই, আমরা সবাই মানুষ। শুরু থেকেই আমি স্বীকার করেছি যে আমি ভুল করেছি এবং আমার পারফরম্যান্স মানসম্মত ছিল না। কিন্তু তার মানে এই নয় যে আমি সাহস হারিয়ে বসে যাব, হেরে যাব, বা ক্রিকেট ছেড়ে দেব। যদি আমার শক্তি থাকে, আমি চালিয়ে যাব। যদি না থাকে, আমি পাকিস্তান অধিনায়কের কাছেও গিয়ে বলেছি, আমার পারফরম্যান্স ভালো নয়, জুনিয়রদের সুযোগ দেওয়া হোক।’

সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বহুবার এটা বলেছি, যখন সরফরাজ আহমেদ দলে ছিল তখনও বলেছি। এখনও আবার বলছি। আমি প্রশ্নকে ভয় পাই না, মিডিয়াকেও ভয় পাই না। যদি আমার মধ্যে কিছু ঠিক না থাকে, তাহলে নেই। আর যদি আপনারা মনে করেন এই বয়সে আমার অবসর নেওয়া উচিত, তাহলে আমি নেব।’

ক্রিকেটের প্রতি নিজের আবেগের কথাও তুলে ধরে রিজওয়ান বলেন, ‘আমার জন্য ক্রিকেটই প্যাশন, এটাই সবার আগে। টি-টোয়েন্টি, টেস্ট বা ওয়ানডে; সব ফরম্যাটের ক্রিকেট আমি ভালোবাসি। আমি খেলি কারণ আমি জীবনে আর কিছু জানি না। আমার কোনো ব্যবসা নেই, আর আমি অন্য কোনো খেলাও খেলি না।’

সাম্প্রতিক ব্যর্থতা মেনে নিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি এখন ব্যর্থ হয়েছি। আমি পারফরম্যান্স ছাড়া আপনাদের সামনে বসে আছি। হয়তো আমি যথেষ্ট পরিশ্রম করিনি। হয়তো আরও বেশি পরিশ্রম করে আবার ফিরব এবং আপনাদের সামনে দাঁড়াব। কিন্তু এখন আমার পরিশ্রম যথেষ্ট ছিল না, এ কারণেই আপনারা এই ফল দেখছেন।’