জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন অত্যন্ত সুন্দরভাবে চিন্তাভাবনা করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
তিনি আশা প্রকাশ করেছেন, নারী প্রার্থীরা গণতন্ত্রের উত্তরণে কাজ করবেন। মঙ্গলবার (২১ এপ্রিল) নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সেলিমা রহমান এসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘এই মনোনয়নটি অত্যন্ত সুন্দরভাবে চিন্তাভাবনা করে দেওয়া হয়েছে। এখানে প্রবীণ ও নবীনের যে সমন্বয় হয়েছে, আমরা আশা করি, তারা সংসদে ঠিক সেই রকম ভূমিকা রাখতে পারবেন। ত্রয়োদশ সংসদে আমরা সবাই আসতে পেরে আজ ধন্য। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংসদ। ১৭ বছর পরের এই সংসদ গণতন্ত্রের উত্তরণে এবং বাংলাদেশকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করবে এবং আমরাও কাজ করব।’
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৫টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে। সংরক্ষিত নারী আসনে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র জোট একটি আসন পাচ্ছে।