সংরক্ষিত নারী আসন

দল ও স্বতন্ত্র জোটের বাইরে আরও ৩ জনের মনোনয়ন জমা

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি, জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র জোটের বাইরে আরও তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন শামীমা আক্তার, মোসাম্মৎ মেহেরুন নেসা ও মাহবুবা রহমান।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে মনোনয়নপত্র জমা দেওয়ার পর নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান এ তথ্য জানান।

তিনি বলেন, বিকেল ৪টা পর্যন্ত বিএনপি ও তাদের জোট থেকে ৩৬টি মনোনয়নপত্র জমা পড়েছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট থেকে জমা হয়েছে ১৩টি মনোনয়নপত্র এবং স্বতন্ত্র জোট থেকে একটি মনোনয়ন জমা দিয়েছেন সুলতানা জেসমিন।

দল–জোটের বাইরে জমা দেওয়া তিন প্রার্থীর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিটার্নিং কর্মকর্তা জানান, তারা কোনো রাজনৈতিক দল বা জোটের হয়ে নয়, ব্যক্তিগত উদ্যোগে মনোনয়ন জমা দিয়েছেন। যাচাই-বাছাই শেষে তাদের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। এর মধ্যে ২২ এপ্রিল বেলা ২টা থেকে বিকেল ৪টা এবং ২৩ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল বিকেল ৪টা।

রিটার্নিং কর্মকর্তা আরও জানান, প্রথম দিন জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র প্রার্থীদের এবং পরদিন বিএনপি ও তাদের জোটের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই করা হবে।