বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে আজ সপ্তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বায়ুর মান সূচক (একিউআই) অনুযায়ী ঢাকার স্কোর ১০৭, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সকাল সাড়ে ৯টার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার-এর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
তালিকায় দেখা যায়, বায়ুদূষণে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, বায়ুর স্কোর ২৭১। দ্বিতীয় স্থানে পাকিস্তানের লাহোর (১৯৭) এবং তৃতীয় অবস্থানে নেপালের কাঠমুন্ডু (১৮৯)। এছাড়া চতুর্থ স্থানে থাইল্যান্ডের চিয়াংমাই (১৬০), পঞ্চমে ইন্দোনেশিয়ার জাকার্তা (১৪৮) এবং ষষ্ঠ স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় (১৩১)।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান মাঝারি ধরা হয়। ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, যেখানে বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বারা বেশি ঝুঁকিতে থাকেন। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বা মারাত্মক ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়।