ভারতের উত্তরাখণ্ডে ঐতিহ্যবাহী চারধাম যাত্রা শুরু হওয়ার পরপরই এক বিতর্কিত ও নজিরবিহীন নিয়ম জারি করেছে গঙ্গোত্রী মন্দির কমিটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোনো অ-হিন্দু তীর্থযাত্রী যদি গঙ্গোত্রী ধামে প্রবেশ করতে চান, তবে তাকে ‘পঞ্চগব্য’ পান করা বাধ্যতামূলক করা হয়েছে, যার অন্যতম প্রধান উপাদান হলো গোমূত্র।
মূলত সনাতন ধর্মের প্রতি ওই ব্যক্তির আনুগত্য এবং মন্দিরের পবিত্রতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করছে মন্দির কর্তৃপক্ষ।
পঞ্চগব্য হলো গরুর দুধ, দই, ঘি এবং গঙ্গা জলের সাথে গোমূত্র ও গোবরের একটি মিশ্রণ। যমুনোত্রী মন্দির কমিটির মুখপাত্র পুরুষোত্তম উনিয়াল জানান, সনাতন ধর্মে কোনো আচারই পঞ্চগব্য ছাড়া পূর্ণ হয় না এবং যুগ যুগ ধরে এই ঐতিহ্য চলে আসছে। মূলত যাদের এই ধর্মের প্রতি শ্রদ্ধা নেই, তাদের ভিড় এড়াতেই এমন পদক্ষেপ।
এদিকে শ্রী বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটি (বিকেটিসি) গত ১১ মার্চ তাদের বাজেট সভায় অ-হিন্দুদের প্রবেশের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের প্রস্তাব পাস করেছে। কমিটির চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদী জানান, দেবভূমির পবিত্রতা এবং মন্দিরের মৌলিক চরিত্র অক্ষুণ্ণ রাখতে এই কঠোর ব্যবস্থা প্রয়োজন। এই নিয়মের অধীনে দর্শনার্থীদের নিজেদের ধর্মীয় বিশ্বাস ঘোষণা করে হলফনামা বা বিশেষ নথিপত্র প্রদান করতে হতে পারে।
তবে চারধামের অন্যান্য মন্দিরের তুলনায় যমুনোত্রী মন্দির কমিটি কিছুটা ভিন্ন ও উদার অবস্থান নিয়েছে। তারা ‘অতিথি দেবো ভব’ নীতি অনুসরণ করে জাতি-ধর্ম নির্বিশেষে সকল ভক্তকে স্বাগত জানানোর সিদ্ধান্ত নিয়েছে। তাদের মতে, আগত সকল দর্শনার্থীই শ্রদ্ধার যোগ্য এবং তারা ঐতিহ্যের এই উদার দিকটি বজায় রাখতে চান।
উল্লেখ্য যে, বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী নিয়ে গঠিত এই চারধাম যাত্রা হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র। গত বছর হেলিকপ্টার দুর্ঘটনার পর এবার নিরাপত্তার বিষয়েও ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে। তবে অ-হিন্দুদের প্রবেশ নিয়ে মন্দির কমিটিগুলোর এই ভিন্নধর্মী সিদ্ধান্তগুলো নিয়ে ইতোমধ্যে নানা মহলে আইনি ও সামাজিক বিতর্ক শুরু হয়েছে।