বগুড়ার শেরপুর থানায় ‘ডিউটি অফিসার’ হিসেবে দায়িত্বে থাকা এক নারী উপপরিদর্শককে (এসআই) ‘ম্যাডাম’ সম্বোধন করাকে কেন্দ্র করে এক যুবককে প্রায় দেড় ঘণ্টা আটক রাখার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, শেরপুর থানার ডিউটি অফিসার হিসেবে দায়িত্বে থাকা উপপরিদর্শক রোকসানা খাতুনের সঙ্গে কথা বলতে গিয়ে নূর মোহাম্মদ (৩০) নামের এক যুবক ‘ম্যাডাম’ সম্বোধন করলে তিনি ক্ষিপ্ত হন। পরে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই তাকে থানার নারী হেল্পডেস্ক কক্ষে আটকে রাখা হয় বলে দাবি ভুক্তভোগীর।
নূর মোহাম্মদ জানান, এক পরিচিত ব্যক্তির গ্রেপ্তারের বিষয়ে জানতে তিনি থানায় গিয়েছিলেন। তখন দায়িত্বরত এসআই রোকসানা খাতুনকে ‘ম্যাডাম’ বলে সম্বোধন করে কথা বলতে গেলে তিনি রেগে যান। একপর্যায়ে তাঁকে গালিগালাজ করেন এবং প্রায় দেড় ঘণ্টা আটকে রাখা হয়। পরে তার পরিবারের সদস্যরা থানায় এলে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
তবে অভিযুক্ত এসআই রোকসানা খাতুন বলেন, নূর মোহাম্মদ নামের ওই যুবক থানায় এসে কী ধরনের আচরণ করেছেন, তার সিসিটিভি ফুটেজে ধারণ করা আছে। তবে ‘ম্যাডাম’ সম্বোধন নিয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঈনুদ্দিন জানান, ঘটনার কথা শুনে তিনি ওই যুবককে পরিবারের জিম্মায় ছেড়ে দেন।
তিনি আরও বলেন, এসআই রোকসানা খাতুন ২০২৫ সালের মার্চ বা এপ্রিল মাসে শেরপুর থানায় যোগদান করেন। তার বিরুদ্ধে থানায় আসা লোকজনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ আগেও পেয়েছেন। তখন তাকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছিল। আজকের বিষয়টি পুলিশ সুপারকে জানানো হয়েছে।