চট্টগ্রামের ফটিকছড়িতে গাছে বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গাছের সঙ্গে বেঁধে বেধড়ক পিটুনিতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার সুয়াবিল ইউনিয়নে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তবে রাত ১০টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত ওই মরদেহের পরিচয় শনাক্তের তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে ভূজপুর থানা পুলিশ খবর পেয়ে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাজিরখীল এলাকার মইনুদ্দিনের বাড়ির উঠান থেকে অজ্ঞাত পরিচয় ওই যুবকের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুরির সন্দেহে স্থানীয়রা তাকে রাতভর গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। পরে সকালে তার মৃত্যু হয়। এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, খবর পেয়ে গাছে বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির সন্দেহে স্থানীয়রা তাকে রাতভর গাছের সাথে বেঁধে মারধর করে। পরে সকালে সে মারা যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে, ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।