মনে হয় কেউ আমাকে গালাগালি দিচ্ছে: স্বস্তিকা মুখার্জি

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। তথাকথিত তারকাদের থেকে একদম অন্যরকম স্বস্তিকা। যেখানে অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা নিজের ব্যক্তিগত গাড়িতে যাতায়াত করতে পছন্দ করেন সেখানে দিন দুপুরে অটো অথবা বাসে করে যাতায়াত করেন স্বস্তিকা। এমনকি গড়িয়াহাটে দাঁড়িয়ে রাস্তায় ফুচকা খেতেও দেখা দিয়েছে অভিনেত্রীকে।

সম্প্রতি নিউজ এইট্টিন বাংলার সঙ্গে সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমি নিজেকে সেলিব্রেটি মনে করি না। সেলিব্রিটি কথাটার এত অপব্যবহার হয় যে আমাকে কেউ সেলিব্রিটি বললে মনে হয় কেউ আমাকে গালাগালি দিচ্ছে। আমি সবাইকেই বলি আমাকে মানুষ বলুন, শিল্পী বলুন, অভিনেত্রী বলুন, মহিলা বলুন, যাই বলুন কিন্তু সেলিব্রিটি বলবেন না।’

Swastika Mukherjee

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারী সংখ্যা বা ভিডিওর জনপ্রিয়তা দিয়ে যেভাবে তারকা বিচার করা হয়। স্বস্তিকার কথায়, ‘এখন সবাই সেলিব্রিটি। কারও যদি বেশি ফলোয়ার্স থাকে, সে-ও সেলিব্রিটি। সবাই এখন ইনফ্লুয়েন্সার। আমি জানি না তারা আসলে কী ইনফ্লুয়েন্স করছেন। চারটে রিল করেও আজকে সবাই সেলিব্রিটি হয়ে যাচ্ছে।’

নিজের সাধারণ জীবনযাপন নিয়েই স্বস্তিকার আত্মবিশ্বাসী অবস্থান স্পষ্ট। তার ভাষায়, তিনি খুব সাধারণ মানুষ এবং সেভাবেই জীবন কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তিনি আরও বলেন, ‘আমি খুব সাধারণ মানুষ এবং সাধারণভাবেই থাকতে পছন্দ করি। তাই আমায় কেউ সেলিব্রিটি বললে ভালো লাগে না। কেউ বললে আমি বারণ করি।’