বরিশালে নদীতে ডুবে গেছে দুটি জাহাজ

তীব্র স্রোতে বরিশালের মেহেন্দিগঞ্জের গজারিয়া ও মেঘনা নদীতে দুইটি সারবাহী জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার রাতে পৃথক সময় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় চার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মেহেন্দিগঞ্জের দড়িরচর-খাজুরিয়া ইউনিয়ন সংলগ্ন গজারিয়া নদীতে প্রচণ্ড স্রোতের কবলে পরে সার বোঝাই টক সিট নামে একটি কোস্টার জাহাজ ডুবে যায়। জাহাজটি ৯শ মেট্রিক টন পটাশিয়াম সার নিয়ে চট্টগ্রাম থেকে যশোর যাচ্ছিলো। দুর্ঘটনায় দুই কোটি ৫০ লাখ টাকার ক্ষতি হয়। এছাড়া জাহাজে থাকা ১২ জন স্থানীয়দের সহযোগিতায় তীরে উঠতে সক্ষম হয়। 

অপরদিকে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মেহেন্দিগঞ্জের গোবিন্দপুর ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে সারবাহী একটি কোস্টার জাহাজ ডুবে যায়। ৮শ মেট্রিক টন ইউরিয়া সার নিয়ে চট্টগ্রাম থেকে যশোর যাচ্ছিল এটি।

মেহেন্দিগঞ্জ থানার ওসি আবিদুর রহমান ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। 

ইত্তেফাক/জেডএইচ