সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) পোস্ট দিয়ে স্বেচ্ছায় রাজনীতি ছাড়লেন জামালপুর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান (বাহারম)।
রোববার (২৬ এপ্রিল) তার ফেসবুক পোস্টটি ভাইরাল হয়।
রাশেদুল ইসলাম জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের কুকুরমারি এলাকার রফিকুল ইসলামের ছেলে এবং জামালপুর জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
ছাত্রদল নেতা বাহারাম তার পোস্টে লিখেন, ‘আমি আপনাদের কারো প্রিয়, কারো অপ্রিয় হতে পারি। তবে সব সময় সমাজ ও দেশের কল্যাণে কথা বলেছি, ভবিষ্যতেও বলবো—সে যেই হোক না কেন। সত্য কথা বলার জন্য কোনো প্ল্যাটফর্মের প্রয়োজন হয় না। আমি, মো. রাশেদুল হাসান (বাহারম), বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর জেলা শাখার সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক। কিন্তু এখন থেকে আমি স্বেচ্ছায় রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছি।’
পুরো পরিবারের দায়িত্ব আমার কাঁধে পড়াতে, আমার রাজনীতি থেকে সরে দাড়াতে হচ্ছে। তাই পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে আমি আমার পেশা— চাকরিতে সক্রিয় থাকছি। আমি এই দেশের একজন সচেতন নাগরিক হিসেবে অন্যায়ের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলাম, আছি এবং থাকবো।
এ বিষয়ে জানতে চাইলে রাশেদুল হাসান বাহারমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘পরিবারের পুরো দায়িত্ব আমার কাঁধে। রাজনীতিতে সময় দেওয়ার মতো আসলে সময় পাচ্ছি না৷ আমার পেশাতে মনোযোগ দিতে রাজনীতি থেকে সরে দাঁড়ালাম।’
জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল বলেন, রাশেদুল হাসান (বাহারম) কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার রাজনীতি ছাড়ার বিষয়টি আমার জানা নেই।