পশ্চিমবঙ্গে ভোট

দর্শনা চেকপোস্টে ৩ দিনের জন্য বন্ধ যাত্রী পারাপার

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের কারণে চুয়াডাঙ্গার দর্শনা ও ভারতের নদীয়ার গেদে চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী যাতায়াত তিন দিনের জন্য বন্ধ রাখা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) থেকে বুধবার (২৯ এপ্রিল) পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে সংশ্লিষ্ট ইমিগ্রেশন কর্মকর্তারা জানিয়েছেন। এ সময় উভয় দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রীরা এই পথে যাতায়াত করতে পারবেন না।

দর্শনা জয়নগর চেকপোস্ট ইমিগ্রেশন কর্মকর্তা (ওসি) মো. তুহিন মিয়া বলেন, নির্বাচনের কারণে তিন দিন যাত্রী চলাচল বন্ধ থাকবে। আগামী ৩০ এপ্রিল থেকে চেকপোস্টটি আবার স্বাভাবিকভাবে চালু হবে।

তবে দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন ও রেলবন্দর সুপারিনটেনডেন্ট মির্জা কামরুল হক জানান, দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে ভারত থেকে পণ্য আমদানি অব্যাহত থাকবে। এখন পর্যন্ত মালামাল পরিবহন বন্ধ রাখার কোনো নির্দেশনা পাওয়া যায়নি।