সংখ্যা কমিয়ে সার্কের কোটা রাখতে রাজি ফুটবলাররা

একদল ফুটবলার গত ১৫ এপ্রিল বাফুফের কাছে দাবি জানিয়েছিল সাফের কোনো বাংলাদেশের লিগে দেশি কোটায় খেলতে পারবে না। এতে দেশের আগামী দিনের ফুটবলারদের ক্ষতি হবে বলে জানিয়েছিলেন মোহামেডান এবং জাতীয় দলের ডিফেন্ডার রহমত মিয়া। 

সেই দাবির বিষয় নিয়ে গতকাল জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলামের নেতৃত্বে বাফুফের সঙ্গে বৈঠক হয়েছে। তারা চেয়েছেন সাফে খেলোয়াড় থাকবেন, বিদেশি ফুটবলার থাকবেন। তবে দুই জন, দুই জন করে মোট চার জন হতে হবে। গতকাল বাফুফে ভবনে বাফুফের সদস্য আমিরুল ইসলাম বাবু এবং সাখাওয়াত হোসেন ভুঁইয়া শাহিন ফুটবলারদের কথা শুনেছেন। 

পরে মামুনুল সংবাদ মাধ্যমকে বলেন, 'এখানে যেহেতু সাফের একটা সিদ্ধান্ত আছে এই অঞ্চলের ফুটবলাররা একে অপরের দেশে খেলতে পারবেন স্থানীয় হিসেবে। তারা দেশি ফুটবলার হিসেবে গণ্য হবেন। আমরাও চাই সার্কের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক থাকুক। তাই ফেডারেশনের কাছে আমরা দাবি রেখেছি সার্কের দুই জন এবং বিদেশি কোটায় দুই জনসহ মোট চার জন খেলতে পারবেন। আমরা আশা করি বাফুফে আমাদের চাওয়াটা বিবেচনা করবে। আমরা ফুটবলার, ক্লাব ও ফেডারেশনের সবার মধ্যে একটা সুন্দর সম্পর্ক বজায় থাকুক।' 

আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন তারা বিষয়টি বাফুফের কাছে তুলে ধরবেন। ফুটবলার গত ১৫ এপ্রিল যখন বাফুফের সঙ্গে কথা বলেছেন তারপরই বাফুফে থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছিল তারা বিষয়টি দেখবেন। কিন্তু তার আগেই খেলোয়াড়রা নিজেরাই নিজেদের অবস্থান থেকে সরে গিয়ে সার্কের কোটা রাখতে সংখ্যা নির্ধারণ করে দিয়েছেন।