সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘সামার ২০২৬’ সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের চারটি স্কুলের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি হতে প্রায় ১,১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
শনিবার (২৫ এপ্রিল) এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ দিন শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকরাও ক্যাম্পাসে আসেন। তারা ক্যাম্পাসের পরিবেশ দেখে মুগ্ধতা প্রকাশ করেন।
স্কুল অফ বিজনেস স্টাডিজ, স্কুল অব ইঞ্জিনিয়ারিং, স্কুল অব আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সেস এবং স্কুল অব ইনফরমেশন টেকনোলজির বিভিন্ন প্রোগ্রামে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা প্রথমে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভাইভা নিয়ে ভর্তির জন্য বাছাই করা হবে।
শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম বলেন, ‘সাউথইস্ট ইউনিভার্সিটি দেশের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। এখানে আধুনিক সুযোগ-সুবিধা ও যুগোপযোগী পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যবহারিক ও দক্ষতাভিত্তিক শিক্ষাদান নিশ্চিত করা হয়।’
তিনি বলেন, ‘যেসব শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তারা তাদের শিক্ষালাভের চার বছরে নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে মেধা, দক্ষতা, সফট স্কিল এবং অন্যান্য মানবিক গুণাবলিতে বিকশিত হবেন। যা শুধুমাত্র তাদের ব্যক্তিগত ক্যারিয়ার গঠনেই সহযোগিতা করবে না, বরং দেশের সামগ্রিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে যোগ্য করে করে তুলবে।’
সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন, রেজিস্ট্রার মেজর জেনারেল মো. আনোয়ারুল ইসলাম (অব.) ও অনুষদের ডিনরা পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের খোঁজখবর নেন।